সীমান্তের ঘটনাবলি বাংলাদেশ-ভারত সম্পর্কে প্রভাব ফেলবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, ভারতের শীর্ষ পর্যায় থেকে আশ্বাস দেওয়ার পরও বাংলাদেশ-ভারত সীমান্তে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে বাংলাদেশি যুবক নির্যাতন ও হত্যার ঘটনা ঘটছে। তবে তিনি আশা প্রকাশ করেন, বাংলাদেশ-ভারত সীমান্তে সাম্প্র্রতিক ঘটনাবলি দুই দেশের সম্পর্কে কোনো প্রকার নেতিবাচক প্রভাব ফেলবে না। যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ব্লেক গতকাল মঙ্গলবার সন্ধ্যায় প্রধানমন্ত্রীর সংসদ ভবন কার্যালয়ে তাঁর সঙ্গে সাক্ষাৎ করতে গেলে তিনি এ কথা বলেন। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব নজরুল ইসলাম সাংবাদিকদের এ কথা জানান। তিনি বলেন, আলোচনায় যুক্তরাষ্ট্রের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্কের বিষয়সহ আঞ্চলিক বিষয়াদি, বিশেষ করে ভারতের সঙ্গে সম্পর্ক এবং সীমান্তে বিএসএফের সামপ্রতিক হত্যাকাণ্ডের বিষয় স্থান পায়।যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা চুক্তি স্বাক্ষর প্রসঙ্গে বৈঠকে প্রধানমন্ত্রী বলেন, এ ব্যাপারে একটি সমঝোতায় পৌঁছানোর জন্য বাংলাদেশ কাজ করে যাচ্ছে। যুক্তরাষ্ট্রের বাজারে শুল্ক ও কোটামুক্তভাবে বাংলাদেশের তৈরি পোশাক প্রবেশের অনুমতি দেওয়ার জন্য পুনরায় আহ্বান জানান প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রীর বিশেষ দূত এম জিয়াউদ্দিন ও বাংলাদেশে যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজিনা এ সময় উপস্থিত ছিলেন। বাসস ও ইউএনবি।