হিলি ও পাঁচবিবি সীমান্তের চারটি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ ও চোরাচালান রোধে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) উচ্চপর্যায়ের কর্মকর্তারা একমত হয়েছেন।
ভারতের পশ্চিমবঙ্গের হিলি থানার সিধাই, নতুন বালুপাড়া, গয়েশপুর ও হিলির চারটি স্থান পরিদর্শন শেষে গত শনিবার উভয় বাহিনীর সেক্টর কমান্ডাররা হিলি বিএসএফ ক্যাম্পে এক পতাকা বৈঠকে এই সিদ্ধান্ত নেন।
এ উপলক্ষে শনিবার দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে বিজিবির দিনাজপুর সেক্টর কমান্ডার কর্নেল মো. শহিদুল আলমের নেতৃত্বে ১৫ সদস্যের বিজিবির একটি দল সকাল পৌনে ১০টায় ভারতে যায়। সেখান থেকে ওই দিন রাত ১০টায় দেশে ফেরে।
এ প্রসঙ্গে জয়পুরহাট-৩ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খসরু সাব্বির আলী প্রথম আলোকে বলেন, দিনাজপুরের হিলি সীমান্ত এবং জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার আটাপাড়া, কয়া, হাটখোলা ও কড়িয়া সীমান্তের বিপরীতে ভারতের সিধাই, নতুন বালুপাড়া, গয়েশপুর ও হিলি এলাকায় কাঁটাতারের বেড়া না থাকায় ভারত থেকে বাংলাদেশে অবৈধপথে অস্ত্রসহ অবৈধ অনুপ্রবেশ, মাদকদ্রব্য ও বিভিন্ন পণ্য ঢুকে পড়ছে। এ ব্যাপারে বিএসএফ বাংলাদেশে এসবের প্রতিরোধ ঠেকাতে এই পাঁচটি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণের উদ্যোগ নেয়। এ কারণে গতকাল শনিবার দিনাজপুর সেক্টর কমান্ডারের নেতৃত্বে তাঁরা ভারতে গিয়ে কাঁটাতারের বেড়া নির্মাণের সম্ভাব্য স্থানগুলো পরিদর্শন করেন। ভারতের ওই সীমান্তের নতুন বালুপাড়া, গয়েশপুর ও হিলি এলাকার চারটি স্থানে বেড়া নির্মাণের আংশিক সমঞ্চতি দেওয়া হয়েছে। তবে হাটখোলা সীমান্তে ১৫০ গজের মধ্যে ভারতের একটি রাস্তা থাকায় তা আপত্তি জানানো হয়েছে। বিষয়টি বিজিবি সদর দপ্তরে পাঠানো হবে। সেখান থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যাবে। অনুমতি পেলেই বিএসএফ ওই সীমান্তের তিনটি স্থানে কাঁটাতারের বেড়া নির্মাণ করতে পারবে।
বৈঠকে ভারতের পক্ষে ছিলেন বিএসএফের রায়গঞ্জ সেক্টরের ভারপ্রাপ্ত ডিআইজি বিয়োপার কুমার। এ সময় বিএসএফ ৯৬ পতিরাম ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক নারিশ কুমার ও হিলি কোম্পানি কমান্ডার রাজেশ শর্মা উপস্থিত ছিলেন।