সীমান্তের রোহিঙ্গারা গেলেন কুতুপালংয়ে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কুতুপালংয়ে নিয়ে যাওয়া হচ্ছে রোহিঙ্গাদের। ছবি: ইউএনএইচসিআরের সৌজন্যে
কুতুপালংয়ে নিয়ে যাওয়া হচ্ছে রোহিঙ্গাদের। ছবি: ইউএনএইচসিআরের সৌজন্যে

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের উখিয়ার কুতুপালংয়ে সরিয়ে নেওয়া শুরু হয়েছে। দ্বিতীয় দফায় আজ রোববার থেকে সরিয়ে নেওয়ার কাজ শুরু হলো। প্রথম দিনে নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আশারতলি সাপমারাঝিরি থেকে ৪৭ পরিবারের ১৯৯ জনকে নেওয়া হয়েছে।

গত অক্টোবরে ঘুমধুম জলপাইতলি থেকে ৬ হাজার ৬৩৮ জনকে সরিয়ে নেওয়া হয়েছিল।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস এম সরওয়ার কামাল বলেছেন, ত্রাণ, পুনর্বাসন ও প্রত্যাবাসন কমিশনের (আরআরআরসি) কর্মকর্তারা সকালে এসে সাপমারাঝিরিতে যান। সেখান থেকে প্রথমবারে ৪৭ পরিবারকে নিয়ে যাওয়ার জন্য বাছাই করেন। এখন থেকে ক্রমান্বয়ে দোছড়ি ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হবে। বর্তমানে দুই ইউনিয়নের সীমান্তে ৯ হাজার ৩২৬ জন ও ঘুমধুম ইউনিয়নের কোণাপাড়া সীমান্তে ৬ হাজার ২২ জন রোহিঙ্গা রয়েছে।
আরআরআরসির অতিরিক্ত কমিশনার মো. শামসুদ্দোজা বলেছেন, সরকারের পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী নাইক্ষ্যংছড়ি সীমান্তে আশ্রয় নেওয়া রোহিঙ্গাদের সরিয়ে নেওয়া হচ্ছে। এ কাজে আরআরআরসিকে জাতিসংঘের শরণার্থীবিষয়ক হাইকমিশন (ইউএনএইচসিআর) সহযোগিতা করছে। তিনি বলেন, দোছড়ি ও নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের সীমান্তে অবস্থানকারীদের সরানো শেষ হলে ঘুমধুম ইউনিয়নের কোণাপাড়া এলাকায় আশ্রয় নেওয়াদের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।
ইউএনএইচসিআরের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নাইক্ষ্যংছড়ি উপজেলার সাপমারাঝিরি ও বড় শণখোলায় অবস্থানরত আনুমানিক ৯ হাজার ৪০০ রোহিঙ্গাকে কয়েক সপ্তাহের মধ্যে কুতুপালংয়ে সরিয়ে নেওয়ার জন্য সহযোগিতা করা হবে। সংস্থাটির জনসংযোগ কর্মকর্তা জোসেফ সূর্য ত্রিপুরা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘পরিবারগুলো অপেক্ষাকৃত বিচ্ছিন্ন এলাকায় হওয়ায় তাদের সহযোগিতা করা কঠিন। তারা শিক্ষা ও স্বাস্থ্যসেবা নিতে পারত না। কুতুপালং শরণার্থী শিবিরে তাদের স্বাস্থ্য পরীক্ষা ও প্রয়োজনীয় সহযোগিতা দেওয়া হবে।’
বান্দরবানের রোহিঙ্গা বিষয়ে দায়িত্বপ্রাপ্ত অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. মফিদুল আলম বলেন, নাইক্ষ্যংছড়িতে ২ হাজার ২০০ পরিবারের ১৬ হাজার ১৬০ নিবন্ধিত ও ১ হাজার ৪০০ পরিবারের প্রায় ১২ হাজার রোহিঙ্গা আশ্রয় নিয়েছে। নিবন্ধিতদের মধ্যে সীমানার কাছাকাছি বাংলাদেশের ভূখণ্ডে আশ্রয় নেওয়াদের সরিয়ে নেওয়া হচ্ছে। ঘুমধুম কোণাপাড়ায় শূন্যরেখায় আশ্রয় নিয়ে থাকা ছয় হাজারের বেশি রোহিঙ্গাকে সরিয়ে নেওয়ার ব্যাপারে এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। অনিবন্ধিত রোহিঙ্গাদের কী করা হবে, সে ব্যাপারেও কোনো সিদ্ধান্ত পাওয়া যায়নি।
গত বছরের ২৫ আগস্ট মিয়ানমারে সেনাবাহিনীর নির্যাতন শুরু হলে সেখান থেকে পালিয়ে নাইক্ষ্যংছড়ি সীমান্তে প্রায় ২৩ হাজার রোহিঙ্গা আশ্রয় নেয়।