সীমান্তের শূন্যরেখায় মাদকের ব্যবসা
দিনাজপুরের বিরামপুর উপজেলার কাটলা সীমান্তের শূন্যরেখায় ভারতের দুটি গ্রাম বাংলাদেশি মাদকসেবী ও ব্যবসায়ীদের কাছে মাদকসেবন ও বেচাকেনার নিরাপদ আস্তানায় পরিণত হয়েছে।বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ও এলাকার কয়েকজনের সঙ্গে কথা বলে জানা যায়, কাটলা ইউনিয়নের সীমান্তের ২৮৯-এর ৫২ ও ৫৩ নম্বর সাব-পিলারের কাছে দক্ষিণ দাউদপুর গ্রামঘেঁষে ভারতের নামা গোবিন্দপুর গ্রাম। মেইন পিলার ২৮৯-এর সাব-পিলার ১৯ থেকে ২৪-এর মধ্যে দক্ষিণ দামদরপুর গ্রামঘেঁষে ভারতের উঁচা গোবিন্দপুর (জামালপুর নামেও পরিচিত) গ্রাম। গ্রাম দুটি ভারতের কাঁটাতারের বেড়ার বাইরে পড়েছে। বেড়ার এপারে হওয়ায় ওই দুই গ্রামে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) টহল থাকে না। আবার অন্য দেশ হওয়ায় বিজিবিও সেখানে যেতে পারে না। এই সুযোগে সীমান্তসংলগ্ন গ্রাম দুটিতে নিরাপদে মাদকের জমজমাট ব্যবসা চলছে। প্রতিদিন কমপক্ষে ৫০ থেকে ৬০টি মোটরসাইকেলসহ ১০-২০টি মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি (প্রাইভেটকার) নিয়ে লোকজন গ্রাম দুটিতে আসেন।বিজিবির কাছ থেকে পাওয়া তালিকা থেকে জানা যায়, নামা গোবিন্দপুর গ্রামের জিয়ার উদ্দিন, রেফাজ আলী ও হোসেন আলীর বাসায় এবং উঁচা গোবিন্দপুর গ্রামের গেদলা চন্দ্র, পার্থ রায়, চিংকার চন্দ্র, রুপম রায় ও কালী পদ রায়ের বাড়িতে প্রকাশ্যে ফেনসিডিল ও মদ বেচাকেনা হয়। অনেকে বাড়িগুলোতে বসেই মাদকসেবন করেন বলে অভিযোগ রয়েছে। দিনাজপুর, বিরামপুর, গোবিন্দগঞ্জ, ফুলবাড়ী, পার্বতীপুর, নবাবগঞ্জ, রংপুরসহ বিভিন্ন এলাকার মাদকসেবীরা এবং ঢাকা, বগুড়া, গোবিন্দগঞ্জ এলাকার মাদক ব্যবসায়ীরা নিরাপদে মাদকসেবন ও কেনার জন্য প্রথমে কাটলায় আসেন। এর পর দালালদের সহযোগিতায় মাদকসেবীরা ওই দুটি গ্রামে যান।বিজিবির নির্ভরযোগ্য একটি সূত্র ও এলাকাবাসী জানান, স্থানীয় এক ইউপি সদস্যের নেতৃত্বে গ্রাম দুটিতে মাদকের এই ব্যবসা চলছে। ওই ইউপি সদস্যের বিরুদ্ধে বিজিবি একাধিক মামলা করেছে। কাটলা ইউপির চেয়ারম্যান সামছুল আলম জানান, বিষয়টি তিনি বিজিবি, পুলিশসহ উপজেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় বহুবার উত্থাপন করেছেন। কিন্তু কোনো কাজ হয়নি।বিরামপুর থানার ওসি নাসির উদ্দিন মণ্ডল জানান, মাদকসেবন ও বেচাকেনার ঘাঁটিগুলো সীমান্তের ওপারে হওয়ায় তাঁরা কোনো ব্যবস্থা নিতে পারেন না। তবে প্রায়ই কাটলা সীমান্তে মাদকসেবী ও ক্রেতাসহ মোটরসাইকেল, মাইক্রোবাস ও ব্যক্তিগত গাড়ি আটক করা হয়। বর্ডার গার্ড ৪০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল খন্দকার মিজানুর রহমান জানান, শূন্যরেখায় ভারতীয় যেসব মাদক ব্যবসায়ী ঘাঁটি গড়ে তুলেছেন, তাঁদের তালিকা বিএসএফকে দিয়ে তাঁদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।