সীমান্তের সেই ডিবিবিলে মাছ ধরছে ভারতীয়রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমান্তে বিরোধপূর্ণ ভূমি সিলেটের জৈন্তাপুর উপজেলার ডিবির হাওর এলাকার ডিবিবিল থেকে ভারতীয়রা মাছ ধরে নিয়ে যাচ্ছে। গতকাল রোববার সকাল থেকে ভারতীয়রা মাছ ধরা শুরু করলে ডিবিবিল পার্শ্ববর্তী বাংলাদেশি জেলেরাও মাছ ধরতে যায়।
সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ডিবির হাওর ক্যাম্পের পক্ষ থেকে বাংলাদেশিদের ফিরিয়ে দিয়ে ভারতীয় সীমান্ত রক্ষীদের (বিএসএফ) ওপারের পরিস্থিতি নিয়ন্ত্রণের আহ্বান জানিয়েছে।
এলাকার বাসিন্দা ও বিজিবি সূত্র জানায়, বাংলাদেশ সীমান্তের ১২৮৪ নম্বর সীমান্ত পিলার অতিক্রম করে বাংলাদেশের ভূখণ্ডে প্রবেশ করে ভারতীয় খাসিয়াদের একটি দল মাছ ধরা শুরু করে।
বাংলাদেশ অভ্যন্তরে প্রবেশ করে মাছ ধরা দেখে ডিবির হাওর এলাকার বাসিন্দা বাংলাদেশি জেলেরা মাছ ধরতে যান। তখন বিজিবির ডিবির হাওর ক্যাম্প থেকে পুরো এলাকা বিরোধপূর্ণ থাকার বিষয়টি জানিয়ে দিয়ে তাঁদের ফিরিয়ে দেয়। বাংলাদেশিরা ভারতীয় খাসিয়াদের মাছ ধরার বিষয়টি জানালে বিজিবি তখন বিষয়টি বিএসএফকে জানায়।
বিজিবি ডিবির হাওর বিশেষ ক্যাম্পের অধিনায়ক মো. ইকবাল জানান, ডিবির হাওর এলাকার ডিবিবিল পুরোটাই বিরোধপূর্ণ। উভয় দেশের উচ্চপর্যায়ে একাধিক বার বৈঠকের পর মৌখিকভাবে ডিবিবিলে একটি নির্দেশনা জারি রয়েছে। ওই নির্দেশনা অনুযায়ী বাংলাদেশিরা মাছ ধরে আসছে। এবার মাছ ধরার মৌসুমে আগের নির্দেশনা কার্যকর রাখা ও সীমান্ত পরিস্থিতি শান্ত রাখতে বিএসএফকেও আহ্বান জানানো হয়েছে।