আদালতের সময় নষ্ট না করতে এবং নির্ধারিত সময়ে আদালতে যেতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধান বিচারপতি মো. মোজাম্মেল হোসেন। গতকাল শনিবার রাজধানীর বিচার প্রশাসন প্রশিক্ষণ ইনস্টিটিউটে বাংলাদেশ মহিলা জজ অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে দেওয়া সংবর্ধনায় প্রধান বিচারপতি এ আহ্বান জানান।প্রধান বিচারপতি বলেন, ‘অভিযোগ আছে মধ্যাহ্ন বিরতির পর অনেক বিচারক এজলাসে বসেন না। জেলা জজ হলে তো কথাই নেই। অলিখিতভাবে এ রকম একটা রেওয়াজ আছে। এ ধরনের আচরণ মেনে নেওয়ার মতো নয়। এটা আপনারা গুরুত্ব দিয়ে দেখবেন। আদালতের সময় নষ্ট করবেন না। নির্ধারিত সময়ে আদালতে আসবেন।’সীমাবদ্ধতার ঊর্ধ্বে থেকে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে বিচারকদের প্রতি আহ্বান জানিয়ে মোজাম্মেল হোসেন বলেন, ‘আমরা যে যেই অবস্থায় থাকি না কেন সেখান থেকে অর্পিত দায়িত্ব সুষ্ঠুভাবে পালন করতে হবে। সুবিধায় থাকুন, অসুবিধায় থাকুন আপনারা বিচারক। সব আদালতের কাছে একজন বিচারপ্রার্থীর প্রত্যাশা একই, তা হচ্ছে ন্যায়বিচার পাওয়ার আশা। ব্যক্তিগত সুবিধা বা অসুবিধায় প্রাধান্য না দিয়ে ন্যায়বিচার প্রতিষ্ঠায় কাজ করতে হবে। যাতে কোনো সমস্যাই বিচার কাজকে ব্যাহত করতে না পারে।বিচারপতি মোজাম্মেল হোসেন বলেন, ‘বিচারকেরা সারা সপ্তাহ শুনানি করেন। আদালত চলাকালীন অনেক সময় গুরুত্বপূর্ণ বিষয়ে প্রস্তুতি নেওয়া সম্ভব হয় না। বৃহস্পতিবার বিকেলে অনেকেই স্টেশন (কর্মস্থল) ত্যাগ করেন, রোববার দুপুরে কর্মস্থলে যোগ দেন। বিচারকদের সপ্তাহ শেষে স্টেশনে না থাকা আমাকে কষ্ট দেয়।’অনুষ্ঠানের শুরুতে মহিলা জজ অ্যাসোসিয়েশনের বিভিন্ন পর্যায়ের বিচারকেরা কর্মস্থলে তাঁদের সমস্যা ও পদোন্নতিসহ বিভিন্ন বিষয় তুলে ধরেন। এর জবাবে প্রধান বিচারপতি বলেন, ‘সীমাবদ্ধতা সম্পর্কে আমি অত্যন্ত সচেতন। বিচার বিভাগ পৃথক্করণের পর সত্যিকার অর্থে অবকাঠামো ও প্রয়োজন অনুসারে জনবল দেওয়া সম্ভব হচ্ছে না। পর্যায়ক্রমে এসব সমস্যা সমাধানের চেষ্টা করা হবে। তবে মহিলা বিচারকদের সমস্যা একটু ভিন্ন। কারণ, তাঁদের কর্মকর্তা, মা ও স্ত্রী— এই তিন অবস্থার মধ্যে ভারসাম্য রক্ষা করতে হয়। এ ক্ষেত্রে তাঁদের কাজের অনুকূল পরিবেশ দিতে হবে।অ্যাসোসিয়েশনের সভাপতি ঢাকার বিশেষ জজ জেসমিন আনোয়ারের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য দেন আপিল বিভাগের বিচারপতি এস কে সিনহা, বিচারপতি মো. আবদুল ওয়াহহ্াব মিঞা, বিচারপতি নাজমুন আরা সুলতানা, বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন, বিচারপতি শামসুল হুদা, প্রধান বিচারপতির সহধর্মিণী গুলশান আরা ও অ্যাসোসিয়েশনের মহাসচিব শারমিন নিগার প্রমুখ।সংগঠনের সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক হোসনে আরা আকতারের পরিচালনায় প্রজেক্টরে সংগঠনের শুরু থেকে পরবর্তী অভিযাত্রা ও প্রধান বিচারপতির জীবনগাথা তুলে ধরেন গাজীপুরের সহকারী জজ বেগম লুবনা জাহান।জুডিশিয়াল সার্ভিস কমিশনের চেয়ারম্যান ও আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি এস কে সিনহা বলেন, সরকারের অন্যান্য বিভাগে পদোন্নতির ক্ষেত্রে পরীক্ষার বিধান আছে। বিচার বিভাগে এটা নেই। অধস্তন আদালতে পদোন্নতির ক্ষেত্রে আমরা পরীক্ষার বিধান প্রবর্তনের চিন্তাভাবনা করছি।