সীমিত আকারে নৌচলাচল শুরু
ঘূর্ণিঝড় ‘কোমেন’ দুর্বল হওয়ায় ঢাকাসহ সারা দেশে নৌ চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। এতে আজ শুক্রবার সকাল থেকে দেশের অভ্যন্তরীণ সব নৌপথে সীমিত আকারে নৌচলাচল শুরু হয়েছে।
আমাদের কেরানীগঞ্জ প্রতিনিধি জানান, সকাল থেকে বেলা দেড়টা পর্যন্ত ঢাকা থেকে চাঁদপুরের উদ্দেশে দুটি বড় লঞ্চ ছেড়ে গেছে। তবে দূরপাল্লার কোনো লঞ্চ ছাড়েনি। ঢাকা নদীবন্দরের উপপরিচালক শহীদুল ইসলামের ভাষ্য, নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে। তবে আবহাওয়ার অবস্থা দেখে লঞ্চ ছাড়ার ব্যাপারে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
আমাদের গোয়ালন্দ প্রতিনিধি জানান, আজ সকাল সাড়ে নয়টা থেকে দৌলতদিয়া ও পাটুরিয়া ঘাটে বড় লঞ্চ চলাচল শুরু হয়েছে। বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) আরিচা কার্যালয়ের ট্রাফিক পরিদর্শক খালেদ মোশাররফ লঞ্চ চলাচলের খবর নিশ্চিত করেছেন।
আমাদের পটুয়াখালী অফিস থেকে জানা গেছে, বিকেল থেকে লঞ্চ চলাচল শুরু হবে। তবে ৬৫ ফুটের নিচে কোনো লঞ্চ চলবে না। পটুয়াখালী নদীবন্দরের পরিবহন পরিদর্শক মো. মাহতাবউদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
আমাদের চাঁদপুর প্রতিনিধি জানান, সকাল ১০টা থেকে চাঁদপুর থেকে ঢাকা ও নারায়ণগঞ্জগামী সব ধরনের লঞ্চ চলাচল করছে। তবে বৃষ্টি থাকায় যাত্রী কিছুটা কম। বিআইডব্লিউটিএর উপপরিচালক মোস্তাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ঘূর্ণিঝড় ‘কোমেন’ এর প্রভাবে দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে গতকাল বৃহস্পতিবার ঢাকাসহ সারা দেশে নৌ চলাচল বন্ধ করে দেওয়া হয়। ঢাকাসহ দেশের প্রতিটি নৌবন্দর কর্তৃপক্ষের নির্দেশনা মেনে গতকাল সকাল ছয়টা থেকে সব নৌবন্দরেই নৌ চলাচল বন্ধ রাখা হয়।