সীমিত চলাফেরায় বিদেশিরা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বারিধারার কূটনৈতিক পাড়ায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা l প্রথম আলো
বারিধারার কূটনৈতিক পাড়ায় বিশেষ নিরাপত্তাব্যবস্থা l প্রথম আলো

দূতাবাসগুলোর দফায় দফায় নিরাপত্তা সতর্কতা, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সাজ সাজ আয়োজনের মধ্যে গুলশান-বনানী এলাকায় আবাস ও কর্মস্থলের ভেতরেই নিজেদের চলাফেরা সীমাবদ্ধ রাখছেন বিদেশিরা।
গত ২৮ সেপ্টেম্বর গুলশানে ইতালির নাগরিক সিজার তাবেলা হত্যার পর থেকেই গুলশান, বনানী, বারিধারা এলাকার নিরাপত্তা আরও বাড়ানো হয়েছে। এর মধ্যেই ৩ অক্টোবর রংপুরে জাপানি নাগরিক কুনিও হোশিকে হত্যা করা হয়। এরপর গুলশান-বনানী এলাকায় অতিরিক্ত তল্লাশি চৌকি, নিরাপত্তা মহড়া, টহল ইত্যাদি প্রতিদিনই চলছে। গতকাল মঙ্গলবার চারটি আন্তর্জাতিক বেসরকারি সংস্থার (আইএনজিও) পাঁচজন এ-দেশীয় কর্মীর সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ওই কর্মীরা বলেছেন, তাঁদের সহকর্মী বিদেশি নাগরিকেরা নিজেদের বাসা-হোটেল ও কার্যালয়ের বাইরে আর কোথাও যাচ্ছেন না। দৃশ্যমান বাড়তি নিরাপত্তা বিদেশিদের মধ্যে নিরাপত্তাবোধ তৈরি করছে, নাকি আরও ভড়কে দিচ্ছে, তা নিয়েও প্রশ্ন উঠেছে। বিদেশি ক্রেতা কমে যাওয়ায় ওই এলাকার রেস্তোরাঁ ব্যবসায়ীরাও নিজেদের ব্যবসায় মন্দার কথা জানালেন।
গতকাল মঙ্গলবার সকালে গুলশান ও বনানী ঘুরে পুলিশের বাড়তি তৎপরতা চোখে পড়ে। গুলশান ২ নম্বরের ভবন মার্কেটের সামনে রাখা গাড়িগুলো বিন্যস্ত করার চেষ্টা করছিলেন এক পুলিশ সদস্য। ধমক দিয়ে এক চালককে বলছিলেন, ‘জানস না ব্যাডা, স্যারেরা এহন মিনিটে মিনিটে ভিজিট দেয়। গাড়ি সরা।’ অদূরেই দাঁড়ানো মহানগর পুলিশের একটি সাঁজোয়া যান (এপিসি)। গুলশান ২ নম্বর হয়ে সোজা বারিধারার মাদানী অ্যাভিনিউ, দূতাবাস রোডের মাথায় কানাডিয়ান হাইকমিশনের পাশে আরও একটি পুলিশ চৌকি। থানা ও চ্যান্সেরি পুলিশের কয়েকজন কর্মকর্তা, সার্জেন্ট দাঁড়িয়ে মোটরসাইকেল চালকদের তল্লাশি করছেন, কাগজপত্র পরীক্ষা করছেন। পাশেই শটগান, বড় রাইফেল নিয়ে দাঁড়িয়ে কয়েকজন পুলিশ সদস্য। গুলশান ২ নম্বর থেকে আমেরিকান ক্লাবে যাওয়ার রাস্তাটিতে এমনিতেই পর পর কয়েকটি গতিরোধক রয়েছে। এর মধ্যেই বাঁকা করে লোহার ব্যারিকেড রেখে যানবাহনের গতি কমানোর চেষ্টা করা হয়েছে। এখানেও বড় রাইফেল, বন্দুক হাতে পুলিশ সদস্যরা পাহারা দিচ্ছেন। মাঝেমধ্যে মোটরসাইকেল তল্লাশি চলছে।
গুলশান, বনানী ও মহাখালী এলাকায় কার্যালয় এমন চারটি আইএনজিওর পাঁচজন কর্মীর সঙ্গে কথা বলে জানা গেছে, সিজার হত্যার পরের কয়েক দিন তাঁদের কার্যালয়ে কর্মরত বিদেশিরা অফিসে আসেননি। নিজেদের ফ্ল্যাট বা হোটেলে বসে ল্যাপটপে অফিসের কাজ করেছেন। গত সপ্তাহ থেকে তাঁরা নিয়মিত অফিসে এলেও কার্যালয়ের বাইরে খুব একটা যাচ্ছেন না। ঢাকার বাইরের পূর্বনির্ধারিত মিটিং ও পরিদর্শনগুলো বাতিল করা হয়েছে। স্বাস্থ্যসচেতন বিদেশিদের অনেকে আগে অফিসে আসতে সাইকেল ব্যবহার করতেন। এখন তাঁদের অফিসের গাড়ি ব্যবহার করতে বলা হয়েছে। গাড়িতে এ-দেশীয় চালক ছাড়াও সার্বক্ষণিকভাবে এ-দেশীয় সহকর্মীরা তাঁদের সঙ্গ দিচ্ছেন। জরুরি কোনো কাজে কোনো বিদেশি নাগরিক কার্যালয়ের বাইরে বের হলে তাঁদের সঙ্গে সার্বক্ষণিকভাবে এ-দেশীয় সহকর্মীরা থাকছেন।
একটি বিদেশি সংস্থার যোগাযোগ বিভাগের একজন কর্মী বলেন, ‘সরকার যে পরিস্থিতি স্বাভাবিক রাখার চেষ্টা করছে, তা আমরা খুব ভালোভাবে বুঝতে পারছি। কিন্তু এসব বিদেশি সংস্থায় এমন সব দেশের নাগরিকেরা কাজ করেন, যাঁদের দেশে অস্ত্র নিয়ে ঘোরাকেই ভালো চোখে দেখা হয় না। আবার অত্যাধুনিক বড় বড় যুদ্ধাস্ত্র, হেলমেট, জ্যাকেট ইত্যাদি দেখে কেউ হয়তো যুদ্ধ যুদ্ধ অবস্থা ভেবে বসতে পারেন। আর বিদেশিদের কেন হত্যা করা হলো, সে বিষয়টিও খোলাসা হয়নি।’ তাঁরা বলছেন, দূতাবাসগুলোর সতর্কতা, চারদিকে নিরাপত্তা প্রস্তুতি দেখে অনেক বিদেশি ভড়কে গেছেন। এ কারণে তাঁরা নিজেদের চলাফেরা সীমাবদ্ধ করে ফেলেছেন।
গতকাল ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মাসিক অপরাধ সভায়ও বিদেশিদের নিরাপত্তার বিষয়টি আলোচিত হয়। ডিএমপির গণমাধ্যম ও জনসংযোগ বিভাগের উপকমিশনার মুনতাসিরুল ইসলাম প্রথম আলোকে বলেন, বিদেশিদের নিরাপত্তার জন্য সংশ্লিষ্ট এলাকাগুলোতে বাড়তি সতর্কতা নেওয়া হচ্ছে।