সীমিত নজরদারি থাকতে পারে ইন্টারনেটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ইন্টারনেটের অপব্যবহার রোধে কার্যকর নজরদারি থাকতে পারে, তবে সেটা হবে সীমিত আকারে। নজরদারি প্রক্রিয়া হতে হবে সুনির্দিষ্ট এবং স্বচ্ছ। কানাডার মানবাধিকারবিষয়ক বেসরকারি সংগঠন সেন্টার ফর ল অ্যান্ড ডেমোক্রেসির নির্বাহী পরিচালক টবি মেনডেল গতকাল মঙ্গলবার ঢাকায় এক সেমিনারে এমন মত দিয়েছেন।
টবি মেনডেল দীর্ঘদিন ধরে মানবাধিকার, মত প্রকাশের স্বাধীনতা ইত্যাদি বিষয়ে বিশ্বের বিভিন্ন দেশ এবং জাতিসংঘসহ বিভিন্ন আন্তর্জাতিক সংগঠনের সঙ্গে কাজ করছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আর সি মজুমদার মিলনায়তনে এ সেমিনারের আয়োজন করে মানবাধিকার সংগঠন বাংলাদেশ লিগ্যাল এইড অ্যান্ড সার্ভিসেস (ব্লাস্ট) ও আর্টিকেল ১৯।
নজরদারির বিষয়ে টবি মেনডেল বলেন, মত প্রকাশের পাশাপাশি অনেক ক্ষেত্রেই ঘৃণা, উসকানিমূলক বিষয়ও ছড়ানো হয় ইন্টারনেটের মাধ্যমে। আবার কেউ কেউ সন্ত্রাসী কার্যক্রমের হাতিয়ার হিসেবেও ইন্টারনেটকে ব্যবহারের চেষ্টা করেন। এসব ক্ষেত্রে সুনির্দিষ্ট তথ্যের মাধ্যমে স্বচ্ছ প্রক্রিয়ায় নজরদারি করা যেতে পারে বলে মত দেন তিনি।
আর্টিকেল ১৯-এর বাংলাদেশ ও দক্ষিণ এশীয় পরিচালক তাহমিনা রহমানের সভাপতিত্বে সেমিনারটি সঞ্চালনা করেন ব্লাস্টের নির্বাহী পরিচালক সারা হোসেন।