সীমিত পরিসরে শুরু হয়েছে সমুদ্রে তেল গ্যাস অনুসন্ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গোপসাগরে সীমিত পরিসরে শুরু হয়েছে তেল-গ্যাস অনুসন্ধান। ভারতীয় কোম্পানি ‘ওএনজিসি (অয়েল অ্যান্ড গ্যাস করপোরেশন) বিদেশ’ দ্বিমাত্রিক ভূকম্পন জরিপের একটি পর্যায় শেষ করেছে। অস্ট্রেলীয় কোম্পানি স্যান্তোস ও বাপেক্স শিগগিরই মগনামায় কূপ খনন শুরু করবে। আর কোরীয় কোম্পানি দাইউর সঙ্গে আগামীকাল বুধবার উৎপাদন অংশীদারত্ব চুক্তি (পিএসসি) সই হবে।
পেট্রোবাংলার পরিচালক (পিএসসি) মাহবুব ছরোয়ার গতকাল সোমবার প্রথম আলোকে বলেন, দ্বিমাত্রিক ভূকম্পন জরিপে ওএনজিসি কয়েকটি সম্ভাবনাময় স্থান (লিড) নির্ধারণ করেছে। এখন সেখানে নিবিড় জরিপ চালানো হবে। অগভীর সমুদ্রের ৪ ও ৯ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানে ওএনজিসির সঙ্গে পেট্রোবাংলার পিএসসি রয়েছে।
পরিচালক (পিএসসি) বলেন, ১৬ নম্বর ব্লকের মগনামায় স্যান্তোস-বাপেক্স অনুসন্ধান কূপ খননের প্রস্তুতি নিচ্ছে। তবে তাঁদের কাজ শুরু করতে আরও কিছুটা সময় লাগবে। আগামী বছরের শুরুতে তাঁরা কাজ শুরু করতে পারবেন।
পেট্রোবাংলার চেয়ারম্যান ইসতিয়াক আহমেদ গতকাল এক অনুষ্ঠানে বলেছেন, কোরীয় কোম্পানি দাইউর সঙ্গে গভীর সমুদ্রের ১২ নম্বর ব্লকে তেল-গ্যাস অনুসন্ধানের জন্য আগামীকাল বুধবার নতুন পিএসসি সই হবে। বিদ্যুৎ ও জ্বালানির দ্রুত সরবরাহ নিশ্চিত করার জন্য যে বিশেষ আইন রয়েছে, তার আওতায় এই পিএসসি হচ্ছে।
পেট্রোবাংলা ও এনার্জি রেগুলেটির কমিশনের (বিইআরসি) সাবেক চেয়ারম্যান মো. মোশাররফ হোসেনের রচিত ‘কোল বাংলাদেশ’ ও ‘গ্যাস বাংলাদেশ’ নামের দুটি গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে সভাপতির বক্তৃতায় ইসতিয়াক আহমেদ বলেন, জ্বালানির দাম বিশ্বব্যাপী কমে যাওয়ায় বিশেষ আইনের আওতায়ও উদ্যোক্তা ও বিনিয়োগকারী আকৃষ্ট করা যাচ্ছে না। তাই পিএসসি হালনাগাদ করার উদ্যোগ নেওয়া হয়েছে।