সীমিত লোকবল দিয়ে চলছে চট্টগ্রাম বেতার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সীমিত লোকবল দিয়ে খুঁড়িয়ে খুঁড়িয়ে চলছে চট্টগ্রাম বেতার। এই বেতারকেন্দ্রের আঞ্চলিক পরিচালক, উপপরিচালক ও সহকারী পরিচালক, প্রশাসনিক কর্মকর্তা, ভান্ডার (স্টোর) কর্মকর্তা, মুখ্য উপস্থাপক, মুখ্য নাট্য প্রযোজকসহ অধিকাংশ পদ দীর্ঘদিন ধরে খালি। ফলে নিয়মিত অনুষ্ঠান, অডিশন, মানোন্নয়ন (গ্রেডেশন), গীতিকার ও কণ্ঠশিল্পীদের সম্মানী ভাতা (রয়্যালটি), বহির্ধারণ কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করতে গিয়ে কর্মকর্তাদের হিমশিম খেতে হচ্ছে। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও কোনো পদক্ষেপ নেওয়া হয়নি।বাংলাদেশ বেতারের মহাপরিচালক এ কে এম শামীম চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ বেতারের প্রায় সব কেন্দ্রেই জনবলসংকট আছে। সব কেন্দ্রে গড়ে চাহিদার প্রায় অর্ধেক লোকবল নিয়ে আমাদের কাজ করতে হচ্ছে। চট্টগ্রাম বেতারের শূন্য পদে কর্মকর্তা দেওয়ার ব্যাপারে আমাদের চেষ্টা থাকবে।’জানা গেছে, চট্টগ্রাম বেতারকেন্দ্র থেকে প্রতিদিন তিনটি অধিবেশনে প্রায় ১৫ ঘণ্টার অনুষ্ঠান সম্প্রচার করা হয়। এর মধ্যে স্থানীয় সংবাদ, গান, কৃষিবিষয়ক অনুষ্ঠান, ম্যাগাজিন অনুষ্ঠান, মুক্তিযুদ্ধবিষয়ক অনুষ্ঠান, ক্ষুদ্র নৃ-গোষ্ঠীকে নিয়ে অনুষ্ঠান, শিশু ও নারী উন্নয়নবিষয়ক অনুষ্ঠান, তরুণ সমাজকে নিয়ে অনুষ্ঠান এবং সরকারের উন্নয়নমূলক কার্যক্রম নিয়ে অনুষ্ঠান রয়েছে। এ ছাড়া এফএম বেতার তরঙ্গে সকালে ও রাতে প্রায় আট ঘণ্টার অনুষ্ঠানে গান, বিবিসি ও ডয়েচে ভ্যালে জার্মানির বাংলা অনুষ্ঠান সম্প্রচার করা হয়। বেতার সূত্র জানায়, চট্টগ্রাম কেন্দ্রের অনুষ্ঠান বিভাগে একজন আঞ্চলিক পরিচালক, সাতজন উপপরিচালক (আঞ্চলিক), ১৩ জন সহকারী (আঞ্চলিক) পরিচালকসহ ২১ জন কর্মকর্তার পদ আছে। এর মধ্যে বর্তমানে উপপরিচালক পদমর্যাদার কেউ নেই। ১৩ জন সহকারী পরিচালকের মধ্যে বর্তমানে আছেন মাত্র তিনজন। পাঁচ বছর ধরেই এ সংকট চলছে।খোঁজ নিয়ে জানা গেছে, ২০০৬ সালে সাতজন কর্মকর্তা বেতারের কার্যক্রম পরিচালনা করেন। ২০০৮ সালে কর্মকর্তা কমে ছয়জন হন। ২০১০ সালে এসে আছেন মাত্র তিনজন। এর আগে এই কেন্দ্রে বদলি হয়ে আসা উপপরিচালক ও সহকারী পরিচালক পদমর্যাদার বেশ কয়েকজন কর্মকর্তা তদবিরের মাধ্যমে অন্যত্র চলে গেছেন। ফলে বেতারের কর্মকর্তাসংকট থেকেই যাচ্ছে।বেতার সূত্র জানায়, গত ৮ সেপ্টেম্বর বেতারের ৩২ জন কর্মকর্তা সহকারী পরিচালক থেকে উপপরিচালক হিসেবে পদোন্নতি পান। তাঁদের ১১ জনকেই ঢাকা বেতারকেন্দ্রে পদায়ন করা হয়, বাকিদের অন্যান্য আঞ্চলিক কেন্দ্রে পাঠানো হয়। এ সময় পদোন্নতি পেয়ে চট্টগ্রাম কেন্দ্রের একজন সহকারী পরিচালক ঢাকায় বদলি হয়ে যান। একই সময় পদোন্নতি পাওয়া ঢাকা কেন্দ্রের দুজন কর্মকর্তাকে চট্টগ্রামে দায়িত্ব দেওয়া হয়। ওই দুই কর্মকর্তার একজন ছুটিতে এবং অন্যজনকে সংযুক্তির মাধ্যমে চট্টগ্রামে পাঠানো হয়।নাম প্রকাশে অনিচ্ছুক বেতারের একজন কর্মকর্তা বলেন, ‘কর্মকর্তাসংকটের কারণে এখন আমাদের একেকজনকে ১৩-১৪টি করে অনুষ্ঠান দেখতে হচ্ছে। পাশাপাশি সরকারের বিভিন্ন উন্নয়ন কার্যক্রমের ওপর নতুন নতুন অনুষ্ঠানেরও দায়িত্ব নিতে হচ্ছে। ফলে শ্রোতাদের কাছে মানসম্মত অনুষ্ঠান তুলে ধরা সম্ভব হচ্ছে না।’বেতারের কর্মকর্তাসংকটের বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম কেন্দ্রের আঞ্চলিক পরিচালক শাম্মী আরা চৌধুরী বলেন, ‘আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে বিষয়টি জানিয়েছি। তারা সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছে।’