সীমিত সম্পদ নিয়েও আশ্রয়প্রার্থীদের পাশে বাংলাদেশ: পররাষ্ট্রসচিব

বাংলাদেশ সীমিত সম্পদ নিয়েও এ দেশে আশ্রয়প্রার্থীদের সর্বোচ্চ সহায়তা করছে। অন্য সব দেশকেও এভাবে এগিয়ে আসা উচিত বলে জানিয়েছেন পররাষ্ট্রসচিব শহিদুল হক। অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের (জিএফএমডি) নবম সম্মেলনের সমাপনী অধিবেশনে পররাষ্ট্রসচিব এসব কথা বলেন।
ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে আজ শুক্রবার দুই দিনের এই সম্মেলন শেষ হয়। আগামীকাল শনিবার থেকে শুরু হবে সরকারি পর্যায়ের আলোচনা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর উদ্বোধন করবেন।
সমাপনী অধিবেশনে পররাষ্ট্রসচিব বলেন, গত দুই দিনে যেসব আলোচনা হয়েছে, এখন সেগুলো কার্যকর করতে হবে। ২০১৮ সালে যে চুক্তিতে আমরা পৌঁছাব, সে জন্য বসে থাকলে চলবে না। টেকসই উন্নয়নের যে লক্ষ্যমাত্রা আছে, সেটি বাস্তবায়ন করতে হবে। এ জন্য সারা বিশ্বের নাগরিক সমাজকে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে।
শহিদুল হক বলেন, বাংলাদেশের নাগরিক সমাজ ও বেসরকারি সংস্থা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে বলেই তলাবিহীন ঝুড়ি থেকে আজ ৭ শতাংশ প্রবৃদ্ধি। কয়েক বছরের মধ্যে সেটা আট থেকে দশ হবে।
জিএফএমডি সিভিল সোসাইটির সমন্বয়ক কলিন রাজা এমন আয়োজনের জন্য বাংলাদেশকে ধন্যবাদ জানিয়ে বলেন, ‘গত দুই দিনের আলোচনায় এটা স্পষ্ট যে ঐক্য দরকার। আমাদের এখন সেই ঐক্য গড়তে হবে।’
অভিবাসন ও বৈশ্বিক শরণার্থী পরিস্থিতির উন্নয়নে করণীয় নানা বিষয় নিয়ে সিদ্ধান্ত নিতে এই সম্মেলন হচ্ছে। অভিবাসন নিয়ে কাজ করা বিশ্বের বিভিন্ন দেশের বেসরকারি প্রতিনিধিরা অভিবাসন, উন্নয়ন ও সুশাসন-সংক্রান্ত নানা বিষয় নিয়ে আলোচনা করেন।
১০ ডিসেম্বর থেকে শুরু হবে সরকারি পর্যায়ের আলোচনা, চলবে ১২ ডিসেম্বর পর্যন্ত। বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলনকেন্দ্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনের সরকারি পর্বটি উদ্বোধন করবেন। জাতিসংঘ মহাসচিবের আন্তর্জাতিক অভিবাসনবিষয়ক বিশেষ প্রতিনিধি গ্রেগরি মানিয়াতিস, ইউএন উইমেনের উপনির্বাহী পরিচালক লাকসমি পুরি, আন্তর্জাতিক শ্রম সংস্থার মহাপরিচালক গাই রেডার, আন্তর্জাতিক অভিবাসন সংস্থার (আইওএম) মহাপরিচালক উইলিয়াম ল্যাসি সুইং, জাতিসংঘের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নবিষয়ক আন্ডার সেক্রেটারি জেনারেল উ হংবো উদ্বোধনী অধিবেশনে ভাষণ দেবেন।
এবারের সম্মেলনে অভিবাসন ও উন্নয়নের অর্থনীতি, সামাজিক প্রেক্ষাপট ও সুশাসন এই তিনটিকে মূল ধরে মোট ছয়টি বিষয়ের ওপর আলোচনা হবে। অভিবাসন খরচ, মানুষে মানুষে যোগাযোগ, অভিবাসীদের গন্তব্য, অভিবাসীদের স্বার্থ রক্ষা, সাংঘর্ষিক পরিস্থিতি ও দুর্যোগ চলাকালে কীভাবে পরিস্থিতি মোকাবিলা করা হবে, নিরাপদ অভিবাসনের জন্য করণীয়—এসব বিষয় নিয়ে এ সম্মেলনে আলোচনা ও করণীয় ঠিক করা হবে।
এ বছরের ১ জুলাই গুলশানে হলি আর্টিজান রেস্তোরাঁয় বিদেশিদের ওপর জঙ্গি হামলার পর অনেক বিদেশিই ঢাকা সফর বাতিল করেছিলেন। কিন্তু পাঁচ মাস পর অভিবাসন নিয়ে বিশ্বের সবচেয়ে বড় আন্তর্জাতিক সম্মেলন গ্লোবাল ফোরাম অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টে (জিএফএমডি) অংশ নিতে প্রায় তিন শ বিদেশি এখন ঢাকায়। বাংলাদেশ আশা করছে, এই সম্মেলনের মধ্যে দিয়ে নতুন করে বাংলাদেশকে চিনবেন বিদেশিরা।
অভিবাসন ও উন্নয়ন নিয়ে জাতিসংঘের উদ্যোগে এক দশক আগে জিএফএমডি সম্মেলনের উদ্যোগ নেওয়া হয়। গত বছর তুরস্কের কাছ থেকে বাংলাদেশ এর চেয়ারম্যান পদ লাভ করে। এর আগে ২০০৭ সালে বেলজিয়ামে প্রথম এই সম্মেলন অনুষ্ঠিত হয়। এরপর ২০০৮ সালে ফিলিপাইনে, ২০০৯ সালে গ্রিসে, ২০১০ সালে মেক্সিকোতে, ২০১১ সালে সুইজারল্যান্ডে, ২০১২-১৩ সালে মরিশাসে, ২০১৩-১৪ সালে সুইডেনে ও ২০১৫ সালে তুর্কিতে এই সম্মেলন অনুষ্ঠিত হয়। ঢাকায় অনুষ্ঠিত হচ্ছে নবম সম্মেলন। আগামী সম্মেলন হবে জার্মানিতে।