দেশের সীমিত সম্পদ বিজ্ঞানসম্মতভাবে উন্নয়নকাজে ব্যবহারে এগিয়ে আসতে প্রকৌশলী, প্রযুক্তিবিদ, বিজ্ঞানীসহ সবার প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।গতকাল রোববার বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাসে নবনির্মিত ১২ তলাবিশিষ্ট তড়িৎ ও কম্পিউটার কৌশল ভবন উদ্বোধন এবং ১০ তলাবিশিষ্ট কাজী কনফারেন্স সেন্টারের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এ আহ্বান জানান।প্রধানমন্ত্রী তথ্যপ্রযুক্তি খাতে আরও দক্ষ জনশক্তি গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে বলেন, বর্তমান যুগে জ্ঞানই হবে মূল সম্পদ এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য তথ্যপ্রযুক্তির কোনো বিকল্প নেই। তিনি বলেন, বুয়েটকে এ ক্ষেত্রে অগ্রগণ্য ভূমিকা পালন করতে হবে।দাতাদের পরামর্শে রেলওয়েকে মুমূর্ষু অবস্থায় ফেলে দেওয়া হয়েছিল উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, দরিদ্র, নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের কম মূল্যে যাতায়াতের জন্য রেল ও নৌপথ ছিল। কিন্তু এই দুটি খাতই উপেক্ষিত ছিল। বর্তমান সরকার তাই রেলওয়েকে আলাদা মন্ত্রণালয়ে অন্তর্ভুক্ত করে এ খাতে গুরুত্ব দেওয়ার উদ্যোগ নিয়েছে। প্রধানমন্ত্রী বুয়েটের ছাত্রীদের আবাসন-সমস্যা নিরসনে হল নির্মাণের আশ্বাস দেন। ভোট গ্রহণ ও গণনার জন্য ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) তৈরি করে দেশের নির্বাচন-প্রক্রিয়ায় নতুন ধারা সংযোজন করার জন্য বুয়েটকে অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। তিনি বলেন, এটিকে আরেকটু উন্নত করা দরকার, যাতে ভোটার সঠিক প্রার্থীকে ভোট দিচ্ছেন, সে বিষয়টিও দেখা যায়। বুয়েটের উপাচার্য এস এম নজরুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বুয়েটের সহ-উপাচার্য এম হাবিবুর রহমানসহ সংশ্লিষ্ট মহল উপস্থিত ছিলেন।