মিয়ানমারের নিপীড়নের মুখে দেশটির বিপুল পরিমাণ রোহিঙ্গার আগমনে বাংলাদেশ সরকার এক দিকে কিছুটা চিন্তিত, আরেক দিকে ক্ষুব্ধ। দুঃখের বিষয় যে শান্তিতে নোবেল বিজয়ী অং সান সু চিও একে সমর্থন করে যাচ্ছেন। সু চির এই পদক্ষেপ অত্যন্ত ঘৃণিত।
ঈদের ছুটি শেষে সচিবালয়ে গতকাল সোমবার নিজের দপ্তরের সরকারি কর্মচারীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময়ের পর অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা বলেন। তিনি বলেন, ‘আমার কাছে সেরা সমাধান মনে হয় মিয়ানমারে রোহিঙ্গাদের জন্য আলাদা একটি অঞ্চল গড়ে তোলা, যা চলবে জাতিসংঘের আওতা ও নিয়ন্ত্রণে।’
অর্থমন্ত্রী বলেন, ‘এটা (রোহিঙ্গা ইস্যু) নিয়ে সরকার কিছুটা চিন্তিত ও ক্ষুব্ধ। তবে আমরা বিশ্ব জনমতে নাড়া দেওয়ার চেষ্টা করছি। আমাদের পররাষ্ট্রমন্ত্রী এ বিষয়ে কথা বলেছেন। আমরা মনে করি এটা এমন একটা বিষয়, যেখানে আন্তর্জাতিক হস্তক্ষেপ অত্যন্ত জরুরি হয়ে দাঁড়িয়েছে।’
রোহিঙ্গাদের মিয়ানমারের নাগরিক উল্লেখ করে অর্থমন্ত্রী বলেন, ‘মিয়ানমারের সেনাবাহিনী খুবই পাজি। মিয়ানমারের সরকারও পাজি সরকার। রোহিঙ্গাদের জন্য তাই জাতিসংঘের শান্তিরক্ষী মিশনের সহায়তার মতো সহায়তা দরকার এখন।’