সু চির বিশেষ দূত কিউ তিন আসছেন আগামী সপ্তাহে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের পরিস্থিতিসহ দুই দেশের সম্পর্ক নিয়ে আলোচনার জন্য আগামী সপ্তাহে ঢাকায় বিশেষ দূত পাঠাচ্ছেন মিয়ানমারের পররাষ্ট্রমন্ত্রী ও স্টেট কাউন্সিলর অং সান সু চি। বিশেষ দূত হিসেবে মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিউ তিন আগামী বুধবার আসতে পারেন। তিন দিনের সফরের প্রথম দিনে তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে পারেন।
ঢাকা ও ইয়াঙ্গুনের কূটনৈতিক সূত্রগুলো গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় প্রথম আলোকে এ তথ্য জানিয়েছে।
১৯ জানুয়ারি মালয়েশিয়ার কুয়ালালামপুরে ওআইসির পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠকের আগে সু চির বিশেষ দূতের বাংলাদেশ সফরটি তাৎপর্যপূর্ণ। কারণ, আসিয়ানের অন্যতম প্রভাবশালী সদস্যদেশ মালয়েশিয়া রাখাইনে রোহিঙ্গা নির্যাতনের বিষয়ে গত অক্টোবর থেকে সোচ্চার রয়েছে। মালয়েশিয়া রোহিঙ্গাদের বিষয়ে ইসলামি সহযোগিতা সংস্থার (ওআইসি) একটি অভিন্ন রাজনৈতিক অঙ্গীকার ঠিক করতে বিশেষ বৈঠকের প্রস্তাব দিয়েছে।
কূটনৈতিক সূত্রগুলো বলছে, মিয়ানমারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী কিউ তিন ঢাকা সফরের সময় মালয়েশিয়ার বৈঠকে বাংলাদেশের অবস্থান কী হতে যাচ্ছে, সেটি বোঝার চেষ্টা করবেন। এর পাশাপাশি রাখাইন রাজ্যের পরিস্থিতি নিয়ে নিজেদের অবস্থান ব্যাখ্যা করে এ নিয়ে বাংলাদেশের সহযোগিতা চাইতে পারেন।
মিয়ানমারে ২০১৫ সালে গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে ক্ষমতার পালাবদলের পর প্রতিবেশী দেশটির সঙ্গে সম্পর্ক নিয়ে বাংলাদেশকে আশাবাদী করে তুলেছিল। বিশেষ করে আস্থার পরিবেশ সৃষ্টি করে সম্পর্ক এগিয়ে নিতে বাংলাদেশ সচেষ্ট রয়েছে। এরই অংশ হিসেবে গত বছরের জুনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বিশেষ দূত হিসেবে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হককে অং সান সু চির কাছে পাঠান। এ সময় সু চির কাছে পাঠানো বার্তায় সম্পর্ক জোরদারে নিজের অঙ্গীকারের কথা জানান শেখ হাসিনা।
গত অক্টোবরে রাখাইন রাজ্যে পুলিশ ফাঁড়িতে হামলার পর মিয়ানমারের সশস্ত্র বাহিনী রাজ্যটিতে সাঁড়াশি অভিযান শুরু করে। সংখ্যালঘু রোহিঙ্গাদের হত্যা, নির্যাতন, আটক, বাড়িঘরে অগ্নিসংযোগ, লুটপাট শুরু হয়। এতে করে প্রাণ বাঁচাতে রোহিঙ্গারা পালিয়ে বাংলাদেশে আসতে থাকে। অক্টোবরে অভিযান শুরুর পর থেকে প্রায় ৫০ হাজার রোহিঙ্গা কক্সবাজারে এসেছে বলে বিভিন্ন সূত্র বলেছে।