জাতীয় প্রেসক্লাবের সামনে নয়টি সংগঠনের পৃথক কর্মসূচি
সু চির সমালোচনা, কূটনৈতিক তৎপরতা বাড়ানোর দাবি

মিয়ানমারে রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর হত্যা-নির্যাতনের ঘটনায় রাজধানীতে প্রতিবাদ-সমাবেশ অব্যাহত আছে। গতকাল শনিবার দুপুর পর্যন্ত জাতীয় প্রেসক্লাবের সামনে অন্তত নয়টি সংগঠন মানববন্ধন, বিক্ষোভ সমাবেশ ও অনশন কর্মসূচি পালন করে। এসব কর্মসূচিতে বক্তারা মিয়ানমারের ক্ষমতাসীন দলের নেতা অং সান সু চির তীব্র সমালোচনা করেন।
বিভিন্ন কর্মসূচি থেকে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশ সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলা হয়। সমাবেশ থেকে বাংলাদেশের কূটনৈতিক তৎপরতা জোরদার করারও দাবি জানানো হয়। সকালে বাংলাদেশ সম্মিলিত পেশাজীবী পরিষদের (বিএসপিপি) ব্যানারে আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী সু চির সমালোচনা করে বলেন, শান্তির জন্য যাঁকে নোবেল পুরস্কার দেওয়া হয়েছে, তাঁর বাহিনী আজকে শিশুদের হত্যা করছে। তিনি বলেন, সু চি ক্ষমতার জন্য বারবার সামরিক বাহিনীর পকেটে ঢুকেছেন।

মানববন্ধনে সভাপতির বক্তব্যে সংগঠনটির আহ্বায়ক ও আমাদেরদেশপত্রিকার সম্পাদক মাহমুদুর রহমান মিয়ানমারে একটি সেফ জোন তৈরি করে সেখানে রোহিঙ্গাদের রাখার উদ্যোগ নিতে বিশ্বনেতাদের প্রতি আহ্বান জানান।
মিয়ানমারে মানবিক বিপর্যয় রোধে জাতিসংঘের হস্তক্ষেপের দাবিতে বাংলাদেশ সিভিল রাইটস সোসাইটি আয়োজিত মানববন্ধন ও সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাগরিক ঐক্যের আহ্বায়ক মাহমুদুর রহমান মান্না।
জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) ব্যানারে আয়োজিত মানববন্ধনে বিএনপির নেতা আবদুল্লাহ আল নোমান রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয়দান এবং এই সংকট থেকে উত্তরণে পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান।
