
বিশ্ব অর্থনৈতিক ফোরামের (ডব্লিউইএফ) ৪৭তম সম্মেলনে যোগ দিতে পাঁচ দিনের সরকারি সফরে গতকাল সোমবার সুইজারল্যান্ডে পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী এবং তাঁর সফরসঙ্গীদের বহনকারী ইতিহাদ এয়ারওয়েজের ফ্লাইটটি স্থানীয় সময় সকাল ৬টা ৬ মিনিটে জুরিখ আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সুইজারল্যান্ডে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত এবং জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি শামিম আহ্সান বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান। এর আগে প্রধানমন্ত্রী সংযুক্ত আরব আমিরাতের আবুধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে প্রায় এক ঘণ্টা ২০ মিনিট যাত্রাবিরতি করেন।
জুরিখে পৌঁছার পর বিমানবন্দর থেকে প্রধানমন্ত্রীকে আনুষ্ঠানিক মোটর শোভাযাত্রা সহকারে সিলভ্রেটা পার্ক হোটেলে নিয়ে যাওয়া হয়। সফরকালে তিনি এই হোটেলেই অবস্থান করবেন।
সুইজারল্যান্ডের দাভোস শহরে আজ মঙ্গলবার শুরু হবে ডব্লিউইএফের বার্ষিক সম্মেলন। এবারের সম্মেলনের প্রতিপাদ্য ‘প্রতিবেদনশীল এবং দায়িত্বশীল নেতৃত্ব’। ডব্লিউইএফের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের আমন্ত্রণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সম্মেলনে অংশ নিচ্ছেন। বাংলাদেশ থেকে তিনিই প্রথম কোনো নির্বাচিত নেতা, যিনি ডব্লিউইএফের সম্মেলনে যোগ দিচ্ছেন।
শেখ হাসিনা আজ দাভোসের কংগ্রেস সেন্টারে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের উদ্বোধনী অধিবেশনে যোগ দেবেন। এর আগে তিনি ডব্লিউইএফের নির্বাহী চেয়ারম্যান ক্লাউস সোয়াবের সঙ্গে সাক্ষাৎ করবেন।