সুইট ও কোয়েলকে পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজশাহী মহানগরের মডেল স্কুল অ্যান্ড কলেজের ছাত্র নাদিমুজ্জামান সাদ হত্যা মামলায় গ্রেপ্তার সুইট রেজা ও আল আউয়াল ওরফে কোয়েলকে গতকাল শুক্রবার পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে পুলিশ। সংশ্লিষ্ট সূত্র জানায়, সুইট ও কোয়েলকে গতকাল রাজশাহী মহানগর হাকিমের আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড চাওয়া হয়। আদালতের বিচারক মামুনুর রশিদ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে সুইট ও কোয়েল পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে, মুক্তিপণের জন্যই তাঁরা নাদিমুজ্জামানকে হত্যা করে। গত বৃহস্পতিবার ভোরে ঢাকার শেরেবাংলানগর এলাকা থেকে সুইট ও কোয়েলকে গ্রেপ্তার করে পুলিশ। বৃহস্পতিবার রাতেই তাদের রাজশাহী নেওয়া হয়।মামলার তদন্ত কর্মকর্তা ও রাজপাড়া থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, সুইট ও কোয়েলের কাছ থেকে পাওয়া তথ্যের সঙ্গে আগের চার আসামির স্বীকারোক্তিতে পাওয়া তথ্যের মিল রয়েছে। এতে তাঁরা মোটামুটি নিশ্চিত হন, মুক্তিপণ আদায়ের জন্যই নাদিমুজ্জামানকে হত্যা করা হয়। রিমান্ডে আরও তথ্য পাওয়া যাবে।গত ২৫ জানুয়ারি রাজশাহী নগরের শিরোইল মঠপুকুর এলাকার একটি ছাত্রাবাসের সেপটিক ট্যাংক থেকে নাদিমুজ্জামানের লাশ উদ্ধার করা হয়। পুলিশের জিজ্ঞাসাবাদে আসামিদের দেওয়া তথ্যানুযায়ী, ১৭ জানুয়ারি নাদিমুজ্জামানকে কৌশলে অপহরণ করা হয়। ব্ল্যাকমেইল করে নাদিমুজ্জামানের পরিবারের কাছ থেকে অর্থ আদায়ে ব্যর্থ হয়ে পরদিন তাঁকে গলা কেটে হত্যা করে লাশ সেপটিক ট্যাংকে রাখা হয়।