সুইডেন ও ওমানে নতুন রাষ্ট্রদূত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকার দুই পেশাদার কূটনীতিককে সুইডেন ও ওমানে রাষ্ট্রদূত পদে নিয়োগ দিয়েছে। এঁদের মধ্যে বিসিএস ১৫তম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা মো. নাজমুল ইসলামকে সুইডেনে ও বিসিএস দশম ব্যাচের (পররাষ্ট্র ক্যাডার) কর্মকর্তা মো. গোলাম সরওয়ারকে ওমানে রাষ্ট্রদূত পদে নিয়োগ দেওয়া হয়েছে।

পররাষ্ট্র মন্ত্রণালয় আজ বুধবার পৃথক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
এই মুহূর্তে পররাষ্ট্র মন্ত্রণালয়ে মহাপরিচালক (প্রশাসন অনুবিভাগ) হিসেবে কর্মরত নাজমুল ইসলাম জেদ্দায় কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া কূটনীতিক হিসেবে তিনি বেইজিং, জাকার্তা ও লন্ডনে বাংলাদেশের মিশনে বিভিন্ন পদে কাজ করেছেন। নাজমুল ইসলাম বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে পুরকৌশল স্নাতক ডিগ্রি অর্জন করেন।
এদিকে ওমানে নিয়োগ পাওয়া রাষ্ট্রদূত গোলাম সরওয়ার এ মুহূর্তে সুইডেনে রাষ্ট্রদূতের দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি জেদ্দায় বাংলাদেশের কনসাল জেনারেলের দায়িত্ব পালন করেছেন। কূটনীতিক হিসেবে ওয়াশিংটন, কাঠমান্ডু, কুয়ালালামপুর ও ইয়াঙ্গুনে বাংলাদেশের মিশনগুলোতে বিভিন্ন পদে কাজ করেছেন তিনি। মো. গোলাম সরওয়ার ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে হিসাববিজ্ঞানে স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।