সুইডেন পলিটেকনিকে ছাত্র বিক্ষোভ
রাঙামাটির কাপ্তাই উপজেলায় অবস্থিত বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউটের (বিএসপিআই) জনবল খাতে টাকা বৃদ্ধির প্রতিবাদে শিক্ষার্থীরা গতকাল মঙ্গলবার বিক্ষোভ মিছিল করেছে। শিক্ষার্থীরা জানায়, ইনস্টিটিউটের জনবল খাতে চলতি সেমিস্টার থেকে শিক্ষার্থীপ্রতি ১০০ টাকা বাড়ানো হয়েছে। অথচ বিএসপিআইয়ে দীর্ঘদিন ধরে শিক্ষকস্বল্পতা রয়েছে। অতিথি শিক্ষক এনে ক্লাস করানো হচ্ছে। ছাত্র হোস্টেল, গ্রন্থাগারেও আছে নানা সংকট। কিন্তু এসব সমস্যার সমাধান না করে উল্টো জনবল খাতে অর্থ বৃদ্ধি মেনে নেওয়া যায় না। তারা বলেছে, জনবল খাতে বর্ধিত টাকা না কমালে বিক্ষোভ কর্মসূচি অব্যাহত থাকবে। জানতে চাইলে বিএসপিআইয়ের অধ্যক্ষ মো. মোছাদ্দেকুল বারী বলেন, অধিদপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী জনবল খাতে ৩৭৫ টাকার পরিবর্তে ৪৭৫ টাকা করা হয়েছে। তিনি বলেন, সামগ্রিক বিষয় নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক হয়েছে। তাদের যাবতীয় সমস্যা অধিদপ্তরের মহাপরিচালকের কাছে লিখিতভাবে জানানোর পরামর্শ দেওয়া হয়েছে।