সুইডেনে প্রতারিত বাংলাদেশি শ্রমিকদের কাছে শীতবস্ত্র পাঠিয়েছে রেডক্রস
সুইডেনে স্ট্রবেরি ফলের বাগানে কাজে যাওয়া প্রতারিত বাংলাদেশি শ্রমিকদের কাছে শীতবস্ত্র পাঠিয়েছে আন্তর্জাতিক সাহায্য সংস্থা রেডক্রস। শুক্রবার তাঁদের কাছে এই সাহায্য পাঠানো হয়। ওই এলাকায় তাপমাত্রা এখন শূন্যের নিচে। ফলে বাংলাদেশি শ্রমিকেরা গরম কাপড়ের অভাবে খুব কষ্টে ছিলেন। সুইডেনের ইংরেজি দৈনিক লোকাল গতকাল রোববার এ খবর প্রকাশ করেছে। খবরে বলা হয়, রাজধানী স্টকহোম থেকে ৬০০ কিলোমিটার উত্তরে জঙ্গলে আটকা পড়েছেন শতাধিক বেরি-শ্রমিক। ওই এলাকার তাপমাত্রা শূন্যের নিচে হওয়ায় তাঁরা চরম কষ্ট পাচ্ছেন। তাই সেখানকার শ্রমিকদের কাছে উষ্ণ কোট এবং জুতাসহ অন্যান্য সামগ্রী পাঠিয়েছে রেডক্রস। রেডক্রসের সুইডেনের কর্মকর্তা আলভা ভ্যাল অলসন জানিয়েছেন, ওই শ্রমিকেরা অমানবিক পরিবেশে আছেন। তাঁদের সহায়তা দেওয়া খুব জরুরি। তিনি বলেন, প্রতিবছর বেরি তুলতে আসা শ্রমিকেরা একইভাবে বিপদে পড়ছেন।জনশক্তি রপ্তানিকারক প্রতিষ্ঠান বাংলাদেশ ওয়াকফোর্সের মাধ্যমে সুইডেনে ওই বাংলাদেশিদের নিয়ে গিয়েছিলেন আবু বকর সিদ্দিক নামে এক লোক। কথা ছিল, তিন মাস কাজ করে ওই শ্রমিকেরা দেড় লাখ টাকা বেতন পাবেন। পরে তাঁরা ইউরোপের অন্য দেশে চলে যেতে পারবেন। সুইডেনের বাংলাদেশ দূতাবাসের প্রথম সচিব খন্দকার মাসুদুল আলম জানান, এ বছর ২৮১ জন শ্রমিক বেরি ফল তুলতে সুইডেনে এসেছেন। যে পরিবেশে তাঁরা আছেন, সেটিও অমানবিক। সুইডেনের লেবার ইউনিয়নকে ঘটনা জানানো হয়েছে। এ ছাড়া দূতাবাস থেকেও শ্রমিকদের খোঁজখবর রাখা হচ্ছে।