সুইডেনের উদ্দেশে প্রধানমন্ত্রীর ঢাকা ত্যাগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রধানমন্ত্রী শেখ হাসিনা
প্রধানমন্ত্রী শেখ হাসিনা

তিন দিনের সফরে সুইডেনের উদ্দেশে গতকাল মঙ্গলবার ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডিশ প্রধানমন্ত্রী স্টিফেন লোফভেনের আমন্ত্রণে তিনি এ সফরে গেলেন।
স্ক্যান্ডিনেভিয়ান দেশ সুইডেনে বাংলাদেশের কোনো সরকারপ্রধানের এটি প্রথম দ্বিপক্ষীয় সফর। প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি বিশেষ বিমান গতকাল দুপুর ১২টা ১০ মিনিটে ঢাকার হজরত শাহজালাল বিমানবন্দর ত্যাগ করে।
প্রধানমন্ত্রীকে বিদায় জানাতে বিমানবন্দরে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, তিন বাহিনীর প্রধানেরা, ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম লন্ডন থেকে জানান, প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের বহনকারী ফ্লাইটটি স্থানীয় সময় ৬টা ১৫ মিনিটে লন্ডনের হিথরো আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। যুক্তরাজ্যে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার নাজমুল কাওনাইন বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।
প্রধানমন্ত্রী লন্ডনে ২৪ ঘণ্টা যাত্রাবিরতি করবেন। আজ বুধবার বিকেলে তাঁর স্টকহোমের উদ্দেশে স্ক্যান্ডিনেভিয়ান এয়ারলাইনসের একটি ফ্লাইটে লন্ডন ত্যাগ করার কথা রয়েছে।
ইহসানুল করিম বলেন, শেখ হাসিনা ৪৭ সদস্যের ব্যবসায়ী প্রতিনিধিসহ একটি উচ্চপর্যায়ের প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছেন। কাল বৃহস্পতিবার তিনি সুইডিশ প্রধানমন্ত্রীর সঙ্গে আনুষ্ঠানিক বৈঠক করবেন।
শেখ হাসিনা সুইডিশ পার্লামেন্ট পরিদর্শন করবেন এবং ভারপ্রাপ্ত স্পিকার তোবিয়াস বিলসট্রোমের সঙ্গে বৈঠক করবেন। প্রধানমন্ত্রী রয়্যাল ক্যাসলে সুইডিশ রাজা ষোড়শ কার্লের সঙ্গেও সাক্ষাৎ করবেন।
প্রধানমন্ত্রী ১৫ জুন সন্ধ্যায় প্রবাসী বাংলাদেশিদের সংবর্ধনায় ও ১৬ জুন বাংলাদেশ-সুইডেন বিজনেস অ্যান্ড ইনভেস্টমেন্ট ফোরামের বৈঠকে যোগ দেবেন। প্রধানমন্ত্রীর সঙ্গে ‘এইচঅ্যান্ডএম’-এর সিইও কার্ল-জোহান পার্সন ও ইনভেস্টরের প্রেসিডেন্ট জ্যাকব ওয়ালেমবার্গ, ইনভেস্টরের ভাইস প্রেসিডেন্ট মারকাস ওয়ালেনবার্গ এবং এবিবি সুইডেনের জন সোডারস্টর্মের বৈঠক হবে বলে আশা করা হচ্ছে। তিন দিনের সফর শেষে প্রধানমন্ত্রী ১৭ জুন লন্ডন হয়ে দেশে ফিরবেন।