সুইডেনের সঙ্গে বাণিজ্য বাড়াতে প্রধানমন্ত্রীর গুরুত্বারোপ

সুইডেনের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, বিশেষ করে জাহাজ নির্মাণ ও তৈরি পোশাক খাতে সহযোগিতার ওপর গুরুত্বারোপ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সুইডেনে সফররত বিচার ও অভিবাসনবিষয়ক মন্ত্রী মরগান জোহানসন গতকাল মঙ্গলবার গণভবনে দেখা করতে গেলে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম জানান, বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী সুইডিশ মন্ত্রীকে বাংলাদেশে তাঁর প্রথম সফরের জন্য স্বাগত জানান। এ সময় প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশের সঙ্গে সুইডেনের বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়নাধীন। এগুলো দেশের উন্নয়নে ভূমিকা রাখছে। বাংলাদেশের অনেক নাগরিকও সুইডেনে বসবাস করছেন। তাঁরাও দেশের অর্থনীতিতে ভূমিকা রাখছেন।
প্রধানমন্ত্রী তৈরি পোশাকসহ ব্যবসা-বাণিজ্যের ক্ষেত্রে বাংলাদেশকে অব্যাহত সহযোগিতা দেওয়ার জন্য সুইডিশ সরকারকে ধন্যবাদ জানান। এ ছাড়া বৈশ্বিক অভিবাসন সমস্যা নিয়ে আলোচনায় সুইডেনের গুরুত্বপূর্ণ ভূমিকার কথাও উল্লেখ করেন তিনি।
মরগান জোহানসন প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের আর্থসামাজিক এবং স্বাস্থ্য খাতের উন্নয়নের ভূয়সী প্রশংসা করেন। নরওয়ে, ডেনমার্ক ও সুইডেনভিত্তিক একটি প্রাইভেট কোম্পানির নিজস্ব সমীক্ষার কথা উল্লেখ করে সুইডিশ মন্ত্রী বলেন, এ অঞ্চলের দেশগুলোর মধ্যে বাংলাদেশে চমৎকার বিনিয়োগবান্ধব পরিবেশ রয়েছে।
শেখ হাসিনা বলেন, বিনিয়োগের জন্য বাংলাদেশ একটি ভালো স্থান। স্থানীয় ও বিদেশি বিনিয়োগকারীদের সুবিধার্থে বাংলাদেশে সরকার দেশব্যাপী বিশেষ অর্থনৈতিক অঞ্চল প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছে। টেকসই উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে বাংলাদেশ ও সুইডেন একসঙ্গে কাজ করছে।
বৈঠকে শেখ হাসিনা সুইডেনের মন্ত্রীর কাছে বাংলাদেশের বিনিয়োগ ও অর্থনৈতিক সম্ভাবনার কথা তুলে ধরেন। তিনি বলেন, এ অঞ্চলের যোগাযোগব্যবস্থার উন্নয়নে বিবিআইএন (বাংলাদেশ, ভুটান, ভারত, নেপাল) চুক্তি করা হয়েছে এবং পায়রা বন্দর নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। এ বন্দর চালু হলে এবং বিসিআইএম অর্থনৈতিক করিডর বাস্তবায়িত হলে এ অঞ্চলের ব্যবসা-বাণিজ্য আরও সম্প্রসারিত হবে।
বৈঠকে অন্যান্যের মধ্যে পররাষ্ট্রসচিব শহীদুল হক, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম, সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত গোলাম সারওয়ার, সুইডিশ মন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা নাতাশা মিরোসেভিক এবং বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল উপস্থিত ছিলেন।