সুইপার কলোনিতে মাদক বিক্রির অপবাদ দূর করতে হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভী হরিজন সম্প্রদায়ের উদ্দেশে বলেছেন, ‘সুইপার (হরিজন) কলোনিতে মাদক বিক্রি হয়—এ অপবাদ দূর করতে হবে। মাদক বিক্রির জন্য কেউ আপনাদের চাপ বা হুমকি দিলে তাঁকে আটক করে আমাকে খবর দেবেন। তবে আইন নিজের হাতে তুলে নেবেন না।’ গত রোববার বিকেলে শহরের টানবাজার এলাকার সুইপার কলোনিতে হরিজন সম্প্রদায়ের লোকজনের সঙ্গে মতবিনিময়ের সময় এসব কথা বলেন মেয়র আইভী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন হরিজন কলোনির পঞ্চায়েত কমিটির সভাপতি কার্ফু লাল চৌধুরী।সভায় মেয়র বলেন, এই কলোনির শিশুরা যাতে নিয়মিত স্কুলে যায় সেদিকে সবার খেয়াল রাখতে হবে। এ ছাড়া মেয়েদের স্বাবলম্বী করে গড়ে তুলতে সেলাই প্রশিক্ষণ দেওয়া হবে। সেলিনা হায়াৎ আইভী বলেন, হরিজন সম্প্রদায়ের আবাসন-সমস্যা লাঘবে সুইপার কলোনিতে ছয়তলা ভবন নির্মাণের পরিকল্পনা করছে সিটি করপোরেশন। মতবিনিময় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন প্যানেল মেয়র শারমিন হাবিব, কাউন্সিলর অসিত বরণ, হরিজন সেবা সংঘের সভাপতি বলরাম দাস, সাধারণ সম্পাদক জনি লাল, হরিজন ঐক্য পরিষদ জেলা কমিটির সহসভাপতি অমৃত লাল।