সুইপার কলোনির কষ্টগাথা

নোংরা ডোবা। ডোবা ঘেঁষেই ছোট্ট একটি ঘর। সেই ঘরেই পরিবার-পরিজন নিয়ে কষ্টের সংসার শুরু করেছিলেন রিনা রানি। দিন গেছে, বয়স বেড়েছে, সন্তানেরাও বড় হয়ে গেছে। তবু কষ্ট কাটেনি তাঁর।
জামালপুর পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের বজ্রাপুরে সুইপার কলোনির বাসিন্দা রিনা। ১৪ বছর বয়সে বিয়ে। স্বামী পুলিশ বিভাগের ঝাড়ুদার। আজ মঙ্গলবার সন্ধ্যার দিকে সেখানে গিয়ে কথা হলো তাঁর সঙ্গে। ‘কেমন আছেন?’ জানতে চাইলে বললেন, ‘একটা চৌকিতে বিয়ের বয়সী পুলাপাইন নিয়া ঘুমাই। বুঝতেই পারেন কেমন আছি।’
শুধু রিনা রানিই নন, এ কলোনি ঘুরে দেখা গেছে রিনার মতো আরও অনেকের কষ্টের সংসার। একদিকে নোংরা পরিবেশ, অন্যদিকে চরম অভাব—এসব নিয়েই জীবন এই কলোনির বাসিন্দাদের।
রিনা বলেন, তাঁর দুই ছেলে এক মেয়ে। জন্মগতভাবে মেয়ে মোহিনী রানির এক পা বাঁকা। তাই ২৫ হাজার টাকা দিয়ে মেয়ের বিয়ে দিতে হয়েছে। দিতে হবে আরও এক লাখ টাকা। এখন তাঁর বড় চিন্তা দুই ছেলের একটি চাকরি জোটানো। কিন্তু চাকরির জন্য ঘুষ চায় চার-পাঁচ লাখ টাকা।
কলোনি ঘুরে দেখা গেছে, কলোনির বাসিন্দাদের জন্য একটি টিন ঘেরা ছোট গোসলের জায়গা। টেপের পানি দিয়ে চলে ঘরের কাজ। বৃষ্টিতে কলোনির বিভিন্ন জায়গায় পানি ও কাদা জমে আছে। নোংরা নালার মধ্যে একটি শূকর মুখ দিয়ে পানি ঘাঁটছিল।
কয়েকজন বাসিন্দা জানান, খাবারের জন্য মানুষের চাপকল থেকে পানি আনতে হয়। এ জন্য অনেক গঞ্জনাও সইতে হয়। নোংরা পরিবেশের পাশাপাশি কলোনির আরেক বড় সমস্যা প্রকাশ্যে মাদক সেবন।
এক বাসিন্দা ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘আমরা ময়লা পরিষ্কার করি। আর নিজেরা থাকি অপরিষ্কার জায়গায়। মানুষের গোয়ালঘরও এর চাইতে ভালো থাকে। কুত্তা-বিড়ালও আমাদের ঘরে ঢুকতে চায় না। এলাকার প্রতিনিধিরা ভোটের সময় ভোট চাইতেও আসে না, লোক পাঠাইয়্যা ভোট চায়।’
এই কলোনির ছেলে মেয়েরা স্কুলে যায়। তবে পড়াশোনা পঞ্চম শ্রেণির পর আর বেশি দূর এগোয় না। জামালপুরের বেশির ভাগ হোটেলে কলোনির বাসিন্দাদের প্রবেশে অলিখিত নিষেধাজ্ঞা আছে। অনেকে কেটলি ওপর থেকে ঢেলে চা দেয়, যাতে কাপে ছোঁয়া না লাগে।
কথা হয় রাম কমল নামের এক বাসিন্দার সঙ্গে। পোস্ট অফিসে চাকরি করেন। তিনি ক্ষোভ প্রকাশ করে বলেন, ‘ভোট দেই। এইটা আমাদের নাড়ি পোতা জায়গা। কিন্তু তারপরও আমরা এই দেশের নাগরিক হইতে পারলাম না। সরকার হয় আমাদের ভারতে পাঠাইয়্যা দেওয়ার ব্যবস্থা করুক। নইলে গুলি কইরা মাইরা ফালুক।’
কলোনির সভাপতি শ্রী দীননাথসহ অন্যরা জানালেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো দোষ নেই। প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন ঝাড়ুদার/সুইপার পদে হরিজনদের জন্য ৮০ শতাংশ কোটা সংরক্ষণ রাখতে। নির্দেশের পর গেজেটও হয়েছে। কিন্তু তাঁরা ভেবেই পান না, প্রধানমন্ত্রীর নির্দেশ অন্যান্য অফিসাররা কেন মানেন না।
এরই মধ্যে একজন দৌড়ে ঘর থেকে সেই গেজেটের কপি নিয়ে এলেন। ২০১২ সালের ১০ অক্টোবর জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিধি-১ শাখা থেকে প্রকাশিত চিঠিতে উল্লেখ করা হয়েছে, সরকার পৌরসভা, সিটি করপোরেশনসহ সরকারি এবং স্বায়ত্ত্বশাসিত প্রতিষ্ঠানে ঝাড়ুদার/ক্লিনার/সুইপার পদে সরাসরি নিয়োগের ক্ষেত্রে মোট পদের শতকরা ৮০ ভাগ জাত হরিজনদের জন্য বরাদ্দ থাকবে বলে সিদ্ধান্ত নিয়েছে। প্রার্থী পাওয়া না গেলে সাধারণ প্রার্থীদের নেওয়া হবে।
কোটা সংরক্ষণ করে গেজেট প্রকাশ করায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানালেন কলোনির সদস্যরা। পাশাপাশি কৃতজ্ঞতা জানালেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরীর প্রতিও। কৃষি মন্ত্রণালয় সম্প্রতি ২৬৯ জনের সুইপার নিয়োগ দিয়ে কোটা পূরণ করেছে।
সবার কাছে বিদায় নিয়ে ফিরে আসার সময় কলোনির একজন বয়স্ক সদস্য এই প্রতিবেদককে অনুরোধ জানিয়ে বললেন, ‘প্রধানমন্ত্রী আর কৃষি মন্ত্রীকে আমাদের ধন্যবাদটা পৌছাইয়া দিয়েন।’