সুইপার পদে অন্য সম্প্রদায়ের লোক নিয়োগের প্রতিবাদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ রেলওয়েতে সুইপার পদে অন্য সম্প্রদায়ের লোকদের নিয়োগ বাতিলের দাবিতে রাজশাহীতে বিক্ষোভ করেছেন হরিজন সম্প্রদায়ের চাকরিপ্রার্থীরা। গতকাল বুধবার দুপুরে রাজশাহীতে বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সামনে তাঁরা বিক্ষোভ করেন।
বিক্ষোভকারীরা বলেন, ১ থেকে ১১ জানুয়ারি বাংলাদেশ রেলওয়ের সুইপার পদে ১২১ জনকে নিয়োগ দেওয়া হয়েছে। নিয়োগের শর্ত ভঙ্গ করে হরিজন সম্প্রদায়ের লোক ছাড়া ৫০ জন ইসলাম ও হিন্দুধর্মাবলম্বীকে নিয়োগ দেওয়া হয়েছে। একইভাবে রেলওয়ে হাসপাতালের ক্লিনার পদে ৩৩ জনের মধ্যে ভিন্ন সম্প্রদায়ের ২৭ জনকে নিয়োগ দেওয়া হয়েছে।
এর প্রতিবাদে গতকাল বেলা দেড়টার দিকে হরিজন সম্প্রদায়ের প্রায় ২৫ জন চাকরিপ্রার্থী ও তাঁদের অভিভাবকেরা বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপকের কার্যালয়ের সামনে জড়ো হন। সেখান থেকে বিক্ষোভ মিছিল নিয়ে তাঁরা রেলভবনের চারপাশে প্রদক্ষিণ করেন। পরে রেলভবনের সামনে সংক্ষিপ্ত সমাবেশ করেন। সমাবেশ থেকে দ্রুত সুইপার পদে জাত সুইপার ছাড়া অন্যদের নিয়োগ বাতিল ও নিয়োগ কমিটির দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তাঁরা। এ সময় বাংলাদেশ রেলওয়ে পশ্চিমাঞ্চলের মহাব্যবস্থাপক খাইরুল আলম কার্যালয়ে ছিলেন না।
চাকরিপ্রার্থী স্মৃতি রানি জানান, তাঁরা হরিজন সম্প্রদায়ের মানুষ, সমাজের অন্য কোনো কাজ করতে পারেন না। তাঁদের অন্য কোনো কাজে সুযোগও দেওয়া হয় না। তাঁদের এই একটাই পেশা; সেখানে অন্য ধর্মাবলম্বী বা ভিন্ন সম্প্রদায়ের লোকদের চাকরি দেওয়া হলে তাঁরা কী করে খাবেন?
রাজশাহী হরিজন ঐক্য পরিষদের সাবেক সভাপতি বসন্ত লাল বলেন, প্রধানমন্ত্রী হরিজন সম্প্রদায়ের মানুষের জন্য সুইপার পদে চাকরির ক্ষেত্রে ৮০ শতাংশ কোটা সংরক্ষণের ঘোষণা দিয়েছিলেন। গত মঙ্গলবার অনলাইনে রেলওয়ের সুইপার পদে যাঁরা চাকরি পেয়েছেন, তাঁদের নাম দেখে তাঁরা হতভম্ব হয়ে গেছেন। অন্য সম্প্রদায়ের যাঁদের সুইপার পদে নিয়োগ দেওয়া হয়েছে, তাঁরা কেউ এই কাজ করবেন না। দুদিন পরই তাঁরা পিয়ন পদে পদোন্নতির চেষ্টা করবেন।
সুইপার পদে নিয়োগ বিজ্ঞপ্তির প্রসঙ্গ টেনে বসন্ত লাল বলেন, বিজ্ঞপ্তিতে বলা ছিল, সুইপার পদে পেশাগত সনদ থাকতে হবে। এই সনদ হরিজন ঐক্য পরিষদ ছাড়া কেউ দিতে পারে না। সুতরাং অন্য সম্প্রদায়ের লোকজন কী করে ওই পদে চাকরি পান!
জানতে চাইলে বাংলাদেশ রেলওয়ে পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক মকবুল আহমদ বলেন, ১০ শতাংশ প্রতিবন্ধী কোটা, ১০ শতাংশ মুক্তিযোদ্ধা কোটা, ৪০ শতাংশ পোষ্য কোটা, ১৫ শতাংশ নারী কোটা ও ৫ শতাংশ উপজাতি কোটা বাদ দিলে হরিজনদের জন্য কয়টি কোটা থাকে! হরিজনদের মধ্য থেকে এসব কোটা পূরণ হয় না। তাই অন্য সম্প্রদায় থেকে নিতে হয়।