সুইপার পদে হরিজনদের কারও চাকরি হলো না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম জেলা পুলিশ সুপার কার্যালয়ে সুইপার পদে হরিজন সম্প্রদায়ের প্রার্থীদের বাদ দিয়ে দুজন সাধারণ নাগরিককে নিয়োগ দেওয়া হয়েছে। সাক্ষাৎকারে অংশ নেওয়ার পরও তাঁদের নেওয়া হয়নি বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ নিয়োগ বিজ্ঞপ্তির শর্তাবলিতে লেখা ছিল, সুইপার পদে সুইপার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।সরকারি গুরুত্বপূর্ণ একটি দপ্তরে লোক নিয়োগের ক্ষেত্রে এভাবে নিয়মভঙ্গের ঘটনায় হরিজন সম্প্রদায়ের প্রার্থীরা ক্ষুব্ধ হয়েছেন। বাংলাদেশ হরিজন ঐক্য পরিষদ এ ঘটনার নিন্দা জানিয়েছে। এ ছাড়া হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদ বিষয়টি পুলিশের মহাপরিদর্শকের কাছে লিখিত অভিযোগ করেছে।জানা গেছে, চট্টগ্রাম পুলিশ সুপার কার্যালয়ে দুজন করে বাবুর্চি ও সুইপার নিয়োগের একটি বিজ্ঞপ্তি গত ১৮ মার্চ একটি জাতীয় দৈনিকে প্রকাশিত হয়। প্রার্থীর শিক্ষাগত ও অন্যান্য যোগ্যতার ঘরে সুইপারের ক্ষেত্রে লেখা ছিল ‘শারীরিক যোগ্যতা থাকতে হবে। সুইপার সম্প্রদায়ের প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।’ আর বাবুর্চির ক্ষেত্রে লেখা ছিল ‘অষ্টম শ্রেণী পাস এবং সংশ্লিষ্ট কাজে কমপক্ষে তিন বছরের অভিজ্ঞতা থাকতে হবে।’ বিজ্ঞপ্তির পর সুইপার পদে বেশ কয়েকটি আবেদন পড়ে। এর মধ্যে বাছাই করে এ পদে ১৪ জনকে সাক্ষাৎকারের জন্য ডাকা হয়। তাঁদের মধ্যে তিনজন প্রার্থী ছিলেন হরিজন সম্প্রদায়ের। তাঁরা হলেন, চট্টগ্রাম সিটি করপোরেশনের বান্ডেল সুইপার কলোনির রবি দাশ ও বিষ্ণু দাশ এবং মোমিন রোডের সুইপার কলোনির সাকেশ দাশ। ওই পদে সাক্ষাৎকারের জন্য তাঁদের নামে প্রবেশপত্রও ইস্যু করা হয়। ২৯ এপ্রিল সকাল ১০টায় অনুষ্ঠিত সাক্ষাৎকারে এ তিনজনসহ ১১ জন প্রার্থী উপস্থিত ছিলেন।সাক্ষাৎকার শেষে ফলাফলে দেখা যায়, সুইপারের দুটি পদে এ তিনজনের কাউকে নেওয়া হয়নি। নিয়োগ পেয়েছেন তিনজন সাধারণ নাগরিক। ক্ষোভ প্রকাশ করে প্রার্থী বিষ্ণু দাশ বলেন, ‘মুখে যতই বলুক আমাদের অধিকার রয়েছে, বাস্তবে তা নেই। না হলে আমাদের নিয়োগ নিয়ে আজ এমন অবিচার হতো না।’হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক রানা দাশগুপ্ত বলেন, ‘পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে মূলধারায় সম্পৃক্ত করার জন্য প্রধানমন্ত্রী গলা ফাটাচ্ছেন। এ জন্য কর্মক্ষেত্রে তাঁদের অগ্রাধিকারের ব্যবস্থাও করা হয়েছে। কিন্তু সরকারি প্রতিষ্ঠানেই এ নিয়ম মানা না হলে দলিত সম্প্রদায় উঠে আসবে কীভাবে?’জেলা পুলিশ সুপার জেড এ মোরশেদের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি বলেন, ‘কারা কীভাবে নিয়োগ পেয়েছেন আমার জানা নেই।’