সুইমিংপুল নির্মাণবিরোধীরা সরকারের উন্নয়ন কর্মকাণ্ডে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র আ জ ম নাছির উদ্দীন। গতকাল বুধবার বিকেলে নগরের এম এ আজিজ স্টেডিয়ামে ‘সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তওয়ার্ড ফুটবল টুর্নামেন্টের’ উদ্বোধনী অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি।
পরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে সিটি মেয়র বলেন, এই সুইমিং কমপ্লেক্স প্রধানমন্ত্রী চট্টগ্রামের জন্য দিয়েছেন। এটি একনেকে অনুমোদন হয়েছে। এর বিরোধিতা যাঁরা করছেন, তাঁরা প্রধানমন্ত্রীর উন্নয়নের বিরোধিতা করছেন।
সুইমিং কমপ্লেক্সের জন্য ক্রীড়া মন্ত্রণালয়সহ বিভিন্ন দপ্তরে চার বছর ধরে তদবির করেছেন উল্লেখ করে মেয়র বলেন, যেকোনোভাবে এই সুইমিং কমপ্লেক্স বাস্তবায়ন করা হবে। চট্টগ্রামের মতো জেলায় একটি সুইমিংপুল নেই, এটা মানা যায় না। সুইমিংপুল হলে পর্যাপ্ত সাঁতারু তৈরি হবে। পাশাপাশি অন্য খেলোয়াড়েরা এর সুবিধা পাবে। কিশোর-কিশোরীরা এই কমপ্লেক্সে সাঁতার শিখতে পারবে।
এবারের সিজেকেএস মেয়র গোল্ডকাপ আন্তওয়ার্ড ফুটবল টুর্নামেন্টে ৩৮টি দল অংশ নিচ্ছে।