সুইস ব্যাংকে পাচারের অর্থ উদ্ধারে রিট
বিভিন্ন বাংলাদেশি নাগরিক ও কোম্পানির পাচারের মাধ্যমে বিদেশি ব্যাংকগুলো, বিশেষত সুইস ব্যাংকে গোপনে জমা রাখা বিপুল অর্থ উদ্ধারে অবিলম্বে যথাযথ পদক্ষেপ নিতে নির্দেশনা চেয়ে রিট করা হয়েছে।
সুপ্রিম কোর্টের দুই আইনজীবী আজ সোমবার হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিটটি করেন। দুই আইনজীবী হলেন আবদুল কাইয়ুম খান ও সুবীর নন্দী দাস।
পরে সুবীর নন্দী দাস প্রথম আলোকে বলেন, বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি মহি উদ্দিন শামীমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চে আগামীকাল মঙ্গলবার রিটটি শুনানির জন্য উপস্থাপন করা হবে।
রিটে বিভিন্ন বাংলাদেশি নাগরিক ও কোম্পানির পাচারের মাধ্যমে বিদেশি ব্যাংকগুলো, বিশেষত সুইস ব্যাংকে গোপনে জমা রাখা অর্থ উদ্ধারে বিবাদীদের ব্যর্থতা ও নিষ্ক্রিয়তা কেন আইনগত কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, এ বিষয়ে রুল চাওয়া হয়েছে। রিটে সুইস ব্যাংকসহ বিদেশে বাংলাদেশি নাগরিকদের অতীত ও বর্তমানে এ ধরনের অর্থ পাচার ও সন্ত্রাসবাদে অর্থায়ন—পর্যবেক্ষণ, তদারকি ও নিয়ন্ত্রণে বিশেষ তদন্ত দল গঠনের নির্দেশনাও চাওয়া হয়েছে।