সুখ-দুঃখে পাশে থাকা প্রার্থীই পছন্দ অধিকাংশ ভোটারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দ্বিতীয় দফায় ঠাকুরগাঁওয়ের দুটি উপজেলায় ইউনিয়ন পরিষদে (ইউপি) নির্বাচন হবে ৩১ মার্চ। দলীয় প্রতীকে নির্বাচন হওয়ায় ভোটার ও বিভিন্ন দলের নেতা-কর্মীদের মধ্যে উৎসাহের কমতি নেই। তবে অধিকাংশ ভোটার দল নয়, সুখ-দুঃখে যাঁরা এলাকার মানুষের পাশে থাকবেন তাঁদের ভোট দেবেন।
হরিপুর উপজেলার হরিপুর, বকুয়া, গেদুড়া ও রানীশংকৈল উপজেলার রাতোর ও নেকমরদ ইউনিয়নের ভোটারদের সঙ্গে গতকাল বৃহস্পতিবার কথা বলে এমন তথ্য পাওয়া গেছে।
জেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে, রানীশংকৈলে পাঁচটি ইউনিয়নে চেয়ারম্যান পদে ১৯ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৬২ ও সদস্য পদে ১৫৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। হরিপুরের ছয়টি ইউনিয়নে চেয়ারম্যান পদে ২৭ জন, সংরক্ষিত নারী সদস্য পদে ৭০ ও সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন ২২৩ জন প্রার্থী।
হরিপুর ইউনিয়নের বটতলী এলাকার একটি চায়ের দোকানে কথা হয় খোলরা গ্রামের বাসিন্দা হারুন অর রশীদের (৫৫) সঙ্গে। কেমন প্রার্থী চান জানতে চাইলে তিনি বলেন, ‘দল-টল বুঝি না। এবারের নির্বাচন দলীয়ভাবে হলেও ভোট দেব প্রার্থী দেখে। যাঁরা সুখে-দুঃখে এলাকার মানুষের পাশে থাকবেন তাঁদেরই ভোট দেব।’
বকুয়া এলাকার রিকশা-ভ্যানচালক আল আমীন (৩৫) বলেন, ‘ভাই, ভোটের আগে সবাই সৎ, যোগ্য ও জনগণের কাছের মানুষ। আর ভোট গেলেই তাঁদের আসল চেহারা বের হয়ে আসে। তবু মন্দের ভালো মানুষকে ভোটটা দিতে হবে।’
রানীশংকৈলের নেকমরদ ইউনিয়নের যদুয়ার গ্রামের রওশন আলী (৫৭) বলেন, ‘দেশের নাগরিক হিসাবে ভোট একটা দেওয়া লাগে তাই দিই। কাকে ভোট দিব ঠিক করিনি। তবে শেষমেশ চিন্তাভাবনা করে দেখব। যাঁর কাছ থেকে সহযোগিতা পাব। তাঁকেই ভোট দেব।’
একই রকম অবস্থা রাতোর গ্রামের কৃষক রণজিৎ রায়ের (৪৮)। তিনি বলেন, ‘ভোট তো দেওয়াই লাগে। তবে এখনো সঠিক প্রার্থী পাইনি। দেখি, গরিবের জন্য যাঁর মায়া লাগে, তাঁকেই ভোট দিব ভাবছি।’ হরিপুরের ডাঙ্গীপাড়া ইউনিয়নের চৌরঙ্গীহাট এলাকার বাসিন্দা হযরত আলী (৬২) বলেন, ‘মার্কা নয়, এলাকার উন্নয়নে যিনি বেশি কাজ করতে পারবেন, তাঁকেই আমরা ভোট দেব।’
যাদুরানী হাটের একটি চা-স্টলে বসে কথা হয় রাশেদুল ইসলামের (৩২) সঙ্গে। তিনি বলেন, ‘ভোট বাঙালির কাছে একটি বিরাট উৎসব। উৎসবে অনেক হইচই করে আকাঙ্ক্ষা নিয়ে মানুষ ভোট দেয়। একজন ভালো মানুষ নির্বাচিত হলে এলাকার সার্বিক উন্নয়ন হতে পারে। কিন্তু ভালো মানুষও এসব পদে গিয়ে ভালো থাকতে পারেন না।’ একই এলাকার ভোটার অজয় কুমার (৫৪) বলেন, ‘আমরা সব সময় যাঁকে কাছে পাব তাঁকেই ভোট দেব।’
হরিপুর ইউনিয়নের স্বতন্ত্র (বিএনপির বিদ্রোহী) চেয়ারম্যান প্রার্থী আতাউর রহমান বলেন, ‘এবার ভোটার দল নয়, তাঁদের কাছের মানুষকে ঠিকই বেছে নেবেন।’
বকুয়া ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী আবু তাহের বলেন, ‘এবারের নির্বাচন অন্যবারের চেয়ে আলাদা। ভোটারের সিদ্ধান্তের ওপর এলাকার উন্নয়ন অনেকাংশে নির্ভর করছে। যে এলাকার মানুষের কাছে থেকে সুখ-দুঃখের খবর নিয়েছেন, তাঁকেই ইউনিয়নবাসী ভোট দেবেন।’