সুখপ্রদ মৃত্যু নিশ্চিত করতে হবে
নিরাময়-অযোগ্য রোগীদের প্রশমনসেবা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন বিশিষ্ট ব্যক্তিরা। তাঁরা বলেছেন, মৃত্যুপথযাত্রী রোগীদের সুখপ্রদ মৃত্যুর ব্যবস্থা নিশ্চিত করতে হবে।
গতকাল শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ‘বিশ্ব হসপিস অ্যান্ড প্যালিয়েটিভ কেয়ার দিবস’ উপলক্ষে আয়োজিত এক সেমিনারে এ কথা বলা হয়।
প্রশমনসেবায় মৃত্যুপথযাত্রী রোগীকে তাদের ইচ্ছানুযায়ী সেবা দেওয়া হয়। ব্যথা-যন্ত্রণা এবং বিভিন্ন উপসর্গ প্রশমনে ওষুধ সরবরাহ করা হয়। রোগীর সঙ্গে সার্বক্ষণিক যোগাযোগ রেখে ও সমর্থন দিয়ে জীবনের শেষ কটা দিন স্বস্তি দেওয়ার চেষ্টা করা হয়।
অনুষ্ঠানটির আয়োজক ছিল বিএসএমএমইউয়ের সেন্টার ফর প্যালিয়েটিভ কেয়ার। এ ইউনিটে নিরাময়-অযোগ্য ক্যানসার, পক্ষাঘাতগ্রস্ত, এইডস এবং রোগ নিরাময়ের কোনো সুযোগ নেই—এমন মৃত্যুপথযাত্রী রোগীদের প্রশমনসেবা দেওয়া হয়।
সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, বাংলাদেশে কেউ মারা গেলে ‘আহা-উহু’ করার লোকের অভাব হয় না। কিন্তু মৃত্যুপথযাত্রী রোগীদের সুখপ্রদ মৃত্যুর ব্যবস্থা নিশ্চিতে পরিবার ও সমাজ উদ্যোগ নেয় না।
আবদুল্লাহ আবু সায়ীদ বলেন, ‘চিকিৎসাশাস্ত্রের ভাষায় একজন মানুষ যখন প্রায় পরলোকের বাসিন্দা, তখন প্রশমনসেবার দরকার হয়। হয়তো তখন তাঁর শরীর থেকে দুর্গন্ধ বেরোচ্ছে। প্রবাসী সন্তান হয়তো মা-বাবার মৃত্যুর অপেক্ষায় থাকছে। মারা গেলে জমিজমার ভাগ-বণ্টনের কথা ভাবছে। বাংলাদেশের পারিবারিক সম্পর্ক আগে কাদার মতো ছিল, বন্ধন ছিল। এখন সম্পর্ক হয়ে গেছে বালুর মতো ক্ষণস্থায়ী।’ বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় অধ্যাপক এম আর খান বলেন, বিএসএমএমইউয়ে প্রশমনসেবা চালু আছে। কিন্তু ঢাকার বাইরে বিপুলসংখ্যক মানুষ আছে, যাদের এই প্রশমনসেবা প্রয়োজন। তাদের কাছে এ সেবা পৌঁছানো জরুরি।
প্রশমনসেবার জন্য পাওয়া আর্থিক সহযোগিতা অপর্যাপ্ত বলে মন্তব্য করেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রাণ গোপাল দত্ত।
প্যালিয়েটিভ কেয়ার সেন্টারের অধ্যাপক নিজামউদ্দিন আহমেদ বলেন, মৃত্যুপথযাত্রী রোগীদের সার্বিক চিকিৎসা এবং এই সেবার ধারণা জাতীয় স্বাস্থ্যব্যবস্থার অন্তর্ভুক্ত হওয়ার দাবি রাখে।