সুখরঞ্জন বালিকে নিয়ে প্রতিবেদন দাখিলে দুই সপ্তাহসময়
সুখরঞ্জন বালিকে নিয়ে পত্রপত্রিকায় প্রকাশিত প্রতিবেদনের ভিত্তিতে সম্পূরক আবেদন দিতে দুই সপ্তাহ সময় পেয়েছে আবেদনকারী পক্ষ। সুখরঞ্জন বালির সন্ধান চেয়ে করা রিট আবেদনকারীর আইনজীবীর আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম মোয়াজ্জাম হোসেন ও বিচারপতি সহিদুল করিমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ গতকাল রোববার এই সময় মঞ্জুর করেন। জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় সুখরঞ্জন বালি রাষ্ট্রপক্ষের তালিকাভুক্ত সাক্ষী। তবে পরে আসামিপক্ষ দাবি করে, সুখরঞ্জন তাদের পক্ষে সাক্ষ্য দিতে রাজি হয়েছিলেন। আসামিপক্ষের অভিযোগ, গত বছরের ৫ নভেম্বর আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ফটকে আইনজীবীর গাড়ি থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাঁকে অপহরণ করে। ওই মামলায় সাঈদীর মৃত্যুদণ্ডাদেশ হয়েছে। সম্প্রতি সংবাদমাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, সুখরঞ্জন বালি ভারতের কলকাতার দমদম কারাগারে রয়েছেন। গতকাল আদালতে রিটের পক্ষে আইনজীবী ছিলেন আবদুর রাজ্জাক ও মীর আহমেদ বিন কাসিম। পরে আবদুর রাজ্জাক সাংবাদিকদের বলেন, রিট আবেদনটি শুনানির জন্য তালিকায় ছিল। বালিকে নিয়ে সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনগুলো আদালতে দাখিলের জন্য সময় চাওয়া হয়। আদালত দুই সপ্তাহ সময় দিয়েছেন।
আদালত সূত্র জানায়, সুখরঞ্জন বালিকে আদালতে হাজির করার নির্দেশনা চেয়ে গত বছরের নভেম্বরে হাইকোর্টে রিট আবেদন করেন তাঁর বন্ধু আবুল কালাম আজাদ। হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন।
পরে অপর একটি বেঞ্চে আবেদনটি দাখিল করা হলে আদালত তা শুনতে অপারগতা জানান। এরপর প্রধান বিচারপতি বিষয়টি নিষ্পত্তির জন্য এই বেঞ্চে পাঠান।