সুখরঞ্জনকে ২০ আগস্টের পর দেশে ফেরত পাঠানো হতে পারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০ আগস্টের পর যেকোনো সময় ভারতের কলকাতায় কারাবন্দী বাংলাদেশি সুখরঞ্জন বালীকে তাঁর নিজের দেশে ফেরত পাঠানো যেতে পারে। কলকাতা হাইকোর্টের বিচারপতি সঞ্জীব ব্যানার্জি গতকাল মঙ্গলবার তাঁর এক রায়ে এ কথা জানিয়েছেন। খবর বিবিসি বাংলার।বাংলাদেশে ১৯৭১ সালের মুক্তিযুদ্ধে মানবতাবিরোধী অপরাধের দায়ে দণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী সুখরঞ্জন বালী। তাঁকে যাতে বাংলাদেশে ফেরত না পাঠানো হয়—এই আবেদন জানিয়ে ইতিপূর্বে তাঁর পরিবার কলকাতা হাইকোর্টে যে আবেদন করেছিল, গতকাল তা খারিজ করে দিয়েছেন হাইকোর্ট।বিচারপতি সঞ্জীব ব্যানার্জি তাঁর রায়ে বলেন, ‘সুখরঞ্জন বালীর পরিবার আশঙ্কা প্রকাশ করেছেন যে তাঁকে বাংলাদেশে ফেরত পাঠানো হলে তাঁর জীবননাশের আশঙ্কা রয়েছে বা তাঁকে নিপীড়ন আর হয়রানির শিকার হতে হবে—এই সবই তাঁদের অনুমান। ওই আশঙ্কার কোনো তথ্যপ্রমাণ আবেদনকারীরা দিতে পারেননি।’বিচারপতি সঞ্জীব ব্যানার্জি আরও বলেন, ২০ আগস্টের পর যেকোনো সময় সুখরঞ্জন বালীকে তাঁর নিজের দেশে ফেরত পাঠানো যেতে পারে। তবে এ ব্যাপারে সংশ্লিষ্ট দপ্তরই সিদ্ধান্ত নেবে।রায় ঘোষণার পর বালীর পরিবারের আইনজীবী দেবাশীষ ব্যানার্জি বলেন, ‘আমি সুখরঞ্জন বালীর সঙ্গে কথা বলেছি। তিনি যেহেতু পক্ষ বদল করেছিলেন, আর তাঁর ওপর তাঁকে সাদা পোশাকের গোয়েন্দারা আদালতের সামনে থেকে তুলে নিয়ে এসে সীমান্তে ছেড়ে দেন, তাই দেশে ফেরত গেলে তাঁর ক্ষতি হতে পারে।’দেলাওয়ার হোসাইন সাঈদীর বিচারের শুরুর দিকে বালী ছিলেন রাষ্ট্রপক্ষের সাক্ষী। তবে গত বছর নভেম্বর মাসে তিনি পক্ষ ত্যাগ করে বিবাদীপক্ষের সাক্ষী হয়ে যান। কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে সাক্ষ্য দেওয়ার ঠিক আগেই তিনি নিখোঁজ হয়ে যান।কলকাতার আদালতে হাজির করা হলে বালী নিজেই স্বীকার করেন, তিনি বাংলাদেশি নাগরিক এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করেছিলেন।