সুখরঞ্জনের সন্ধান জানতে করা রিটের আদেশ আগামীকাল
জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলায় আসামিপক্ষের সাক্ষী সুখরঞ্জন বালীর সন্ধান জানতে করা রিটের (হেবিয়াস করপাস) ওপর আদেশ দেওয়া হবে আগামীকাল মঙ্গলবার। বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি মুহাম্মদ খুরশীদ আলম সরকারের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চ গতকাল রোববার শুনানি নিয়ে এই দিন ধার্য করেন।সাঈদীর আইনজীবীরা অভিযোগ করেন, সুখরঞ্জন বালীকে গত সোমবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রধান ফটক থেকে তুলে নিয়ে যান আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা। তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে হাইকোর্টে হাজিরের নির্দেশনা চেয়ে বুধবার রিটটি করেন তাঁর আইনজীবী আবুল কালাম আজাদ। ওই দিন রাষ্ট্রপক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত গতকাল শুনানির দিন ধার্য করেন।শুনানিতে আবেদনকারীর পক্ষে আবদুর রাজ্জাক বলেন, ট্রাইব্যুনালে যাওয়ার পথে সোমবার সাদা পোশাকের পুলিশ সুখরঞ্জন বালীকে ধরে নিয়ে যায়। এর পর থেকে তাঁর খোঁজ পাওয়া যাচ্ছে না। তিনি এ বিষয়ে রুল জারির আরজি জানান। অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম শুনানিতে বলেন, আবেদনে এক সাক্ষীর বিষয়ে বলা হয়েছে। বিষয়টি ট্রাইব্যুনালের নজরে দেওয়া হয়। আইনানুযায়ী এখন বিষয়টি অন্য কোনো আদালতে উপস্থাপনের সুযোগ নেই। এটা নিছক সাজানো নাটক।