সুখরঞ্জনের সন্ধানে রিট শুনতে বিব্রত এক বিচারপতি
সুখরঞ্জন বালীর সন্ধান জানতে চেয়ে করা রিট আবেদনের শুনানি গ্রহণে বিব্রতবোধ করেছেন একজন বিচারপতি। গতকাল বৃহস্পতিবার আবেদনটি নতুন করে বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি শেখ হাসান আরিফের সমন্বয়ে গঠিত হাইকোর্টের বেঞ্চে উপস্থাপন করা হয়।একাত্তরের মানবতাবিরোধী অপরাধের মামলায় আটক জামায়াতে ইসলামীর নায়েবে আমির দেলাওয়ার হোসাইন সাঈদীর পক্ষে সাক্ষী ছিলেন সুখরঞ্জন। ৫ নভেম্বর আদালতের ফটক থেকে তাঁকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা তুলে নিয়ে যান বলে সাঈদীর আইনজীবীরা অভিযোগ করেন। পরে ৭ নভেম্বর তাঁকে ২৪ ঘণ্টার মধ্যে হাইকোর্টে হাজির করার নির্দেশনা চেয়ে আবেদন করেন তাঁর বন্ধু আবুল কালাম আজাদ। শুনানির পর ১৩ নভেম্বর হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ আবেদনটি উত্থাপিত হয়নি মর্মে খারিজ করেন। পরে নতুন করে গতকাল আবেদনটি (হেবিয়াস করপাস) দাখিল করা হয়।আইনজীবী বলেছেন, বেঞ্চের জ্যেষ্ঠ বিচারপতি শুনানি গ্রহণের ইচ্ছা ব্যক্ত করেন। একপর্যায়ে অপর বিচারপতি বিব্রতবোধ করেন। এখন বিষয়টি প্রধান বিচারপতির কাছে যাবে। প্রধান বিচারপতি নিষ্পত্তির জন্য বিষয়টি অন্য বেঞ্চে পাঠাবেন।আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুর রাজ্জাক ও তাজুল ইসলাম। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল এম কে রহমান, ডেপুটি অ্যাটর্নি জেনারেল একরামুল হক প্রমুখ।