সুখী-সমৃদ্ধ বাংলাদেশ গড়তে রাষ্ট্রপতির আহ্বান

রাষ্ট্রপতি আবদুল হামিদ ঈদুল ফিতরের শিক্ষায় অনুপ্রাণিত হয়ে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত-নির্বিশেষে দেশবাসীর প্রতি আহ্বান জানিয়েছেন। আজ শুক্রবার মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উত্সব ঈদুল ফিতর উপলক্ষে বঙ্গভবনে আয়োজিত শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে রাষ্ট্রপতি এ আহ্বান জানান।
রাষ্ট্রপতি সাংবাদিকদের বলেন, ‘আমি এই দিনে সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে দলমত-নির্বিশেষে সবার প্রতি আহ্বান জানাই।’ তিনি দেশের প্রত্যেকের সুখী ও সমৃদ্ধ জীবন কামনাসহ বিশ্বের সব মানুষের প্রতি ঈদের শুভেচ্ছা জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, রমজান আমাদের লোভ, পরচর্চা, মিথ্যাচারিতা ও কপটাচরণের ঊর্ধ্বে থাকার শিক্ষা দেয়। তিনি সত্যিকার মানুষ হওয়ার জন্য পবিত্র রমজানের শিক্ষায় জীবন গড়ে তুলতে দৃঢ় অঙ্গীকার গ্রহণে সবার প্রতি আহ্বান জানান।
রাষ্ট্রপতি আবদুল হামিদ ও তাঁর স্ত্রী রাশিদা খানম সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সমাজের গণ্যমান্য ব্যক্তি ও কূটনীতিকদের জন্য এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানের আয়োজন করেন। স্পিকার শিরীন শারমিন চৌধুরী, প্রধান বিচারপতি মো. মোজ্জামেল হোসেন, মন্ত্রী, প্রধানমন্ত্রীর উপদেষ্টা ও প্রতিমন্ত্রীরা এই শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে যোগ দেন।
এ ছাড়া সুপ্রিম কোর্টের বিচারপতি, জাতীয় সংসদ সদস্য, রাজনৈতিক দলের নেতা, সম্পাদক, তিন বাহিনীর প্রধান, সচিব, বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষাবিদ ও জাতীয় পদকপ্রাপ্ত ব্যক্তি, জ্যেষ্ঠ সাংবাদিক, লেখক, কবি, সাহিত্যিক, ব্যবসায়ী নেতা, শিল্পী, উচ্চপদস্থ বেসামরিক ও সামরিক কর্মকর্তারা এ অনুষ্ঠানে যোগ দেন। কূটনীতিক, বাংলাদেশে নিযুক্ত বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাইকমিশনার এবং আন্তর্জাতিক সংস্থাগুলোর প্রধানেরা এতে উপস্থিত ছিলেন।
রাষ্ট্রপতি ও তাঁর স্ত্রী অতিথিদের অভ্যার্থনা জানান এবং তাঁদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। বাসস।