গৃহবধূ সুখী আক্তারের চোখ তুলে নেওয়ার ঘটনায় গতকাল বুধবার উদ্বেগ জানিয়ে নিন্দা ও ক্ষোভ প্রকাশ করেছে নারী, মানবাধিকার ও উন্নয়নবিষয়ক ৭০টি সংগঠনের মঞ্চ সামাজিক প্রতিরোধ কমিটি।
এ ছাড়া সুখীর স্বামী রবিউলসহ এ ঘটনায় জড়িত ব্যক্তিদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং ক্রমবর্ধমান নারী নির্যাতনের ঘটনার প্রতিবাদে আজ বৃহস্পতিবার মানববন্ধন করবে বাংলাদেশ মহিলা পরিষদ। বেলা সাড়ে তিনটায় রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে এ মানববন্ধন হবে।
সাভারের জিঞ্জিরায় সুখীর স্বামী রবিউল তার ভাইবোনের সহযোগিতায় গত শুক্রবার ইলেকট্রিক টেস্টার দিয়ে তাঁর একটি চোখ তুলে নেয়। অন্যটি উপড়ে নেওয়ার সময় আশপাশের লোকজন এসে সুখীকে উদ্ধার করে। তারা রবিউলকে পুলিশের কাছে সোপর্দ করে। রবিউল এখন কারাগারে রয়েছে। এ ঘটনায় সুখীর পরিবারের পক্ষ থেকে আরও দুজনের নামে মামলা করা হলেও তারা এখনো গ্রেপ্তার হয়নি।
সুখী বর্তমানে জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে (এনআইও) মহিলা ওয়ার্ডে চিকিৎসাধীন। সেখানে সুখীর ডান অক্ষিগোলকে একটি প্লাস্টিকের চোখ বসানো হয়েছে। তবে এটা দিয়ে তিনি কিছুই দেখতে পাবেন না। চিকিৎসকেরা জানিয়েছেন, তাঁর বাঁ চোখের দৃষ্টিশক্তিও ফিরে পাওয়ার সম্ভাবনা ক্ষীণ।
এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে সামাজিক প্রতিরোধ কমিটির এক বিবৃতিতে বলা হয়, ‘স্ত্রীর ওপর এমন নজিরবিহীন, লোমহর্ষক, বর্বর নির্যাতনের ঘটনায় আমরা ক্ষুব্ধ ও উদ্বিগ্ন। এ জাতীয় ঘটনা কোনো সুস্থ সমাজ ও জাতির পরিচায়ক নয়।’
বিবৃতিতে সুখীর সুচিকিৎসা ও নিরাপত্তা নিশ্চিত করার সঙ্গে ঘটনার দ্রুত ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে স্বামী রবিউলসহ অন্য সহযোগীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করা হয়।
একই দাবিতে গতকাল জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) অঙ্গসংগঠন জাতীয় নারী জোট বিবৃতি দিয়েছে।
আরও পড়ুন