সুখীর পাশে আছে মন্ত্রণালয়: প্রতিমন্ত্রী

মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি বলেছেন, ‘সুখীর সঙ্গে তাঁর স্বামী যে কাজ করেছে তা কোনো মানুষের কাজ নয়। বিষয়টি খুবই অমানবিক। তাঁর স্বামী এখন কারাগারে। সুখীর চোখ উপড়ে ফেলার সঙ্গে অন্য যারা জড়িত, তাদের তাড়াতাড়ি গ্রেপ্তার করা এবং বিচারপ্রক্রিয়া যাতে দ্রুত সম্পন্ন হয় তাই চাই আমরা।’
প্রতিমন্ত্রী বলেন, ‘সুখীর পাশে মন্ত্রণালয় সব সময় থাকবে। পরিবারটি যাতে অসহায় হয়ে না যায় তার জন্য সাহায্য-সহযোগিতা চলমান থাকবে। সুখীর সাত বছর বয়সী মেয়ের জন্য কোনো ধরনের সহায়তা লাগলে তাও দেওয়া হবে।’
আজ বৃহস্পতিবার দুপুর ১২টায় রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালে সুখীকে দেখতে গিয়ে প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এসব কথা বলেন।
ঈদের আগের দিন শুক্রবার সাভারের জিঞ্জিরা এলাকায় ভাড়া বাসায় ইলেকট্রিক টেস্টার দিয়ে গৃহবধূ সুখীর এক চোখ উপড়ে ফেলে তাঁর স্বামী রবিউল ও স্বজনেরা। আরেক চোখেও তীব্রভাবে আঘাত করে। এলাকাবাসী সুখীকে উদ্ধারের পর রবিউলকে তুলে দেয় সাভার থানা-পুলিশের হাতে। এলাকাবাসী সুখীকে হাসপাতালে ভর্তি করে। সুখীর পরিবার বাদী হয়ে মেয়ের স্বামীসহ তিনজনকে আসামি করে মামলা করেছে।
আজ হাসপাতালে মন্ত্রণালয়ের পক্ষ থেকে মেহের আফরোজ চুমকি সুখীর মা লায়লা বেগমের হাতে ৫০ হাজার টাকার একটি চেক তুলে দেন। এ সময় মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম, সুখীর বাবা নূর মোহাম্মদ, জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক জালাল আহমেদ উপস্থিত ছিলেন।
বেশি মানুষের ভিড়ে সুখীর চোখে যাতে কোনো ধরনের সংক্রমণ না হয়, সে জন্য ওয়ার্ডের বাইরে গিয়ে গণমাধ্যমকর্মীদের সঙ্গে কথা বলেন প্রতিমন্ত্রী। তিনি এ ধরনের ঘটনায় সবাইকে সোচ্চার হওয়ার আহ্বান জানান। সমাজের বিত্তশালীদের সুখীর মতো মানুষদের পাশে দাঁড়ানোর জন্য আহ্বান জানান তিনি।
জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের পরিচালক অধ্যাপক জালাল আহমেদ গণমাধ্যমকর্মীদের বলেন, সুখীর ডান চোখ উপড়ে ফেলা হয়। হাসপাতালে ভর্তির পর ওই চোখের জায়গায় প্লাস্টিকের চোখ লাগিয়ে দেওয়া হয়েছে। আর বাম চোখের স্নায়ুও মারাত্মকভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে। এই চোখে তিনি আবার দেখতে পাবেন কি না, তা বলার মতো পরিস্থিতি এখনো আসেনি। তাঁর চিকিৎসার কোনো ধরনের ত্রুটি হচ্ছে না।
ঈদের পরের দিন রোববার প্রথম আলো অনলাইনে সুখীর প্রতিবেদন প্রকাশের পর হাসপাতালের চিকিৎসকদের পাশাপাশি অনেকেই তাঁর চিকিৎসার জন্য আর্থিক সহায়তা দিতে এগিয়ে এসেছেন।