সুখীর স্বামী রবিউল ৬ দিনের রিমান্ডে

ঢাকার সাভারের জিনজিরা এলাকার চোখ হারানো গৃহবধূ সুখী আক্তারের স্বামী রবিউল ইসলামকে ছয় দিনের রিমান্ডে পাঠিয়েছেন আদালত। ঢাকার জ্যেষ্ঠ বিচারিক হাকিম কাজী শহীদুল ইসলাম আজ বৃহস্পতিবার এ রিমান্ড মঞ্জুর করেন।
আদালত সূত্র জানায়, মামলার তদন্ত কর্মকর্তা সাভার মডেল থানার উপপরিদর্শক (এসআই) শাহেদ আলী আজ রবিউলকে আদালতে হাজির করে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন। শুনানি শেষে আদালত ৬ দিনের রিমান্ড মঞ্জুর করেন।
যৌতুক চেয়ে না পেয়ে গত ১৭ জুলাই রবিউল ইসলাম একটি ইলেকট্রিক টেস্টার দিয়ে সুখীর ডান চোখ তুলে ফেলেন। বাম চোখেও প্রচণ্ড আঘাত করেন তিনি। তাঁর চিৎকার শুনে আশপাশের লোকজন গিয়ে রবিউলকে আটক করে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেন।
মামলার তদন্ত কর্মকর্তা বলেন, সুখীর ভাই মোহসিন বাদী হয়ে ১৮ জুলাই সাভার মডেল থানায় একটি মামলা করেন। এতে রবিউল, তাঁর ভাই আক্তার হোসেন ও ইদ্রিস আলীকে আসামি করা হয়েছে। আক্তার হোসেন ও ইদ্রিস আলী পলাতক আছেন।
শাহেদ আলী জানান, মামলা করার পর রবিউলকে আদালতে পাঠানো হলে আদালত তাঁকে জেল হাজতে পাঠান। গণপিটুনিতে তিনি অসুস্থ থাকায় সেদিন তাঁর রিমান্ড চাওয়া হয়নি।
আরও জানতে পড়ুন:
প্লাস্টিকের চোখ সংযোজন, দেখতে পাবেন না সুখী
আমরা সুস্থ আছি তো?