সুখের যাত্রা ট্রেনে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর কমলাপুরে আসা ট্রেনে উঠছেন যাত্রীরা। ছবি: মোছাব্বের হোসেন
রাজধানীর কমলাপুরে আসা ট্রেনে উঠছেন যাত্রীরা। ছবি: মোছাব্বের হোসেন

ঈদযাত্রার দ্বিতীয় দিনে রাজধানীর কমলাপুর স্টেশনে যাত্রীদের চোখে–মুখে স্বস্তির ছাপ। সময়মতোই ছেড়ে যাচ্ছে ট্রেন। যাত্রীরাও গন্তব্যে যাচ্ছেন নির্বিঘ্নে। স্টেশনে খুব বেশি ভিড়ও চোখে পড়েনি।

আজ বৃহস্পতিবার সকাল থেকে বেলা একটা পর্যন্ত ২৭টি ট্রেন প্রায় সময়মতোই ছেড়ে গেছে। এর মধ্যে খুলনাগামী সুন্দরবন এক্সপ্রেস ও কিশোরগঞ্জগামী একটি ট্রেন ২০ মিনিট ও ১০ মিনিট দেরিতে ছেড়েছে। এ ছাড়া রাজশাহী এক্সপ্রেস ট্রেনটি আসার কথা ছিল দুপুর ১২টা ২০ মিনিটে। সেটি দুপুর ১২টা ৩৫ মিনিটে এসেছে।

ছেড়ে যাচ্ছে ট্রেন। ছবি: মোছাব্বের হোসেন
ছেড়ে যাচ্ছে ট্রেন। ছবি: মোছাব্বের হোসেন

কমলাপুর স্টেশনের ম্যানেজার সিতাংশু চক্রবর্তী বলেন, আজ সকাল থেকে সব ট্রেন সময়মতো ছেড়েছে। গতকাল বুধবার কয়েকটি ট্রেন ছাড়ার সময় নিয়ে সমস্যা হয়। তবে আজ সে সমস্যা নেই। যাত্রীরা স্বস্তিতে যেতে পারছেন। তিনি আরও বলেন, বিকেলে অফিস ছুটির পর যে ট্রেনগুলো আছে, সেগুলোতে চাপ বেশি হবে।

পরিবার নিয়ে দিনাজপুরে যাবেন রহমত খাজা। বললেন, ‘যানজটের কারণে আগে আগে এসে পড়েছিলাম। ভেবেছিলাম ট্রেন দেরিতে ছাড়লে অনেকক্ষণ বসে থাকতে হবে। সময়মতো ছাড়ায় সেটি করতে হয়নি। সময়মতো গিয়ে পৌঁছাতে পারলে হয়।’

স্টেশনে খুব বেশি ভিড় নেই। ছবি: মোছাব্বের হোসেন
স্টেশনে খুব বেশি ভিড় নেই। ছবি: মোছাব্বের হোসেন

শহীদুল নামের এক ব্যক্তি যাবেন সিলেটের দেওয়ানগঞ্জে। তাঁর ট্রেন বেলা সাড়ে তিনটার দিকে। দুপুর সাড়ে ১২টা থেকে স্টেশনে বসে আছেন। তাঁর ধারণা, ট্রেন তাড়াতাড়ি আসবে।