সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব আজ থেকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি নায়িকা ও পাবনার মেয়ে সুচিত্রা সেনের জন্মদিন উপলক্ষে আজ ৬ এপ্রিল বুধবার থেকে পাবনায় শুরু হচ্ছে পাঁচ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে এ উৎসবের আয়োজন করছে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।

আয়োজকেরা জানান, উৎসব সফল করতে এরই মধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। দুপুর ১২টায় সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িতে কেক কেটে শুরু হবে উৎসবের আনুষ্ঠানিকতা। এরপর বর্ণাঢ্য শোভাযাত্রা শহর প্রদক্ষিণ করবে। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে হবে উৎসবের মূল অনুষ্ঠান। পাঁচ দিনব্যাপী উৎসব উদ্বোধন করবেন পাবনার তরুণ রাজনৈতিক ব্যক্তিত্ব ও পাবনা-৫ আসনের সাংসদ গোলাম ফারুক। পাঁচ দিনব্যাপী উৎসবে প্রতিদিন বিকেল পাঁচটা থেকে থাকবে সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান। এর পর সুচিত্রা সেনের ব্যক্তিত্ব, অভিনয়জীবনসহ বিভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত আলোচনা শেষে হবে চলচ্চিত্র প্রদর্শনী।

উদ্বোধনী অনুষ্ঠানে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের সচিব আকতারী মমতাজকে প্রধান অতিথি, পাবনার পুলিশ সুপার আলমগীর কবীর, বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব মুশফিকুর রহমান গুলজার, যুগ্ম মহাসচিব এস এ হক অলিক বিশেষ ও চলচ্চিত্র অভিনেত্রী অরুণা বিশ্বাস, অভিনেতা নিরব ও অভিনেত্রী তানহা অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে।

সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক বলেন, সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি দীর্ঘদিন ধরে বেদখল হয়ে ছিল। বাড়িটি দখলমুক্ত করতে ২০০৯ সাল থেকে সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব শুরু হয়। বর্তমানে বাড়িটি দখলমুক্ত। ফলে এবারের উৎসবের পুরোটাই সাজানো হচ্ছে সুচিত্রা সেনের বাড়িকে কেন্দ্র করে।

উৎসব উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক ও পাবনার জেলা প্রশাসক রেখা রানী বালো বলেন, উৎসবকে কেন্দ্র করে এরই মধ্যে পাবনার সাংস্কৃতিক অঙ্গনে প্রাণের সঞ্চার হয়েছে। তৈরি হয়েছে আনন্দঘন পরিবেশ।

পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি। এই বাড়িতে তিনি বাবা-মা ও ভাইবোনের সঙ্গে শৈশব ও কৈশোর কাটিয়েছেন। ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে বিয়ের পর তিনি স্বামীর সঙ্গে কলকাতায় চলে যান। সুচিত্রা সেনের বাবা করুণাময় দাশগুপ্ত তখন পাবনা পৌরসভার স্বাস্থ্য পরিদর্শক পদে ছিলেন। ১৯৫১ সালে তিনি চাকরি থেকে অবসর নেন। ১৯৬০ সালে করুণাময় দাশগুপ্ত বাড়িটি জেলা প্রশাসনের কাছে ভাড়া দিয়ে পরিবার নিয়ে কলকাতায় চলে যান। ১৯৮৭ সাল থেকে ইজারার মাধ্যমে বাড়িটি দখলে নেন জামায়াত নেতারা। ২০০৯ সাল থেকে পাবনাবাসী বাড়িটি দখলমুক্ত করে সেখানে সুচিত্রা সেন সংগ্রহশালা করার দাবিতে আন্দোলন শুরু করেন। ২০১৪ সালে বাড়িটি দখলমুক্ত হয়। বর্তমানে বাড়িটি পাবনা জেলা প্রশাসনের নিয়ন্ত্রণে।