সুচিত্রা সেন চলচ্চিত্র বিভাগ খোলার দাবি
পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মহানায়িকা সুচিত্রা সেন চলচ্চিত্র বিভাগ খোলার দাবি জানানো হয়েছে। এ ছাড়া তাঁর পাবনার পৈতৃক বাড়িটি বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করে সেখানে চলচ্চিত্রবিষয়ক সংগ্রহশালা ও গবেষণাগার প্রতিষ্ঠার দাবিও উঠেছে।
পাবনার পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী উৎসবের তৃতীয় দিনে গতকাল শুক্রবার বক্তারা এ দাবি জানান। জেলা প্রশাসন ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ এ উৎসবের আয়োজন করে। সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
গতকাল ‘চলচ্চিত্র শিক্ষা ও গবেষণা: বাংলাদেশ পরিপ্রেক্ষিত’ বিষয়ে সেমিনারের মধ্য দিয়ে তৃতীয় দিনের অনুষ্ঠান শুরু হয়। এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক মো. জাহাঙ্গীর হোসেন। পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের শিক্ষক এ কে এম শওকত আলী খানের সভাপতিত্বে সেমিনারে বক্তব্য দেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক গোপা বিশ্বাস, পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আওয়াল কবির জয় প্রমুখ।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রাম দুলাল ভৌমিক বলেন, ‘আমরা সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটিতে একটি ফিল্ম ইনস্টিটিউট প্রতিষ্ঠার স্বপ্ন দেখি। পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আমাদের এই স্বপ্নকে বাস্তবায়ন করতে পারে। তাই আমরা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে চলচ্চিত্র বিষয়ে একটি বিভাগ খোলার দাবি জানাই।’