সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়ি দখলমুক্ত করতে নির্দেশ
ভারতীয় অভিনেত্রী সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়ি আগামী সাত দিনের মধ্যে দখলমুক্ত করে তা সরকারের নিয়ন্ত্রণে নিয়ে আসতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। গতকাল মঙ্গলবার বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে অন্তর্বর্তীকালীন এ নির্দেশ দেন। একই সঙ্গে ওই বাড়িটি দখলের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত পদক্ষেপ নিতেও নির্দেশ দেওয়া হয়েছে।গত ১৩ জুলাই ‘জামায়াতের কবল থেকে মুক্ত হচ্ছে না সুচিত্রার বাড়ি’ শিরোনামে একটি জাতীয় দৈনিকে প্রতিবেদন প্রকাশিত হয়। এ প্রতিবেদন যুক্ত করে প্রয়োজনীয় নির্দেশনা চেয়ে জনস্বার্থে মানবাধিকার ও পরিবেশবাদী সংগঠন হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদ গতকাল রিট আবেদনটি করেন। আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী মনজিল মোরসেদ। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। প্রাথমিক শুনানি নিয়ে আদালত রুলও জারি করেন ও অন্তর্বর্তীকালীন নির্দেশ দেন।