সুচিত্রা সেনের পৈতৃক বাড়ির দায়িত্ব নিল প্রশাসন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মহানায়িকা প্রয়াত সুচিত্রা সেনের পৈতৃক বাড়ির দায়িত্বভার বুঝে নেওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল সেখানে একটি সাইনবোর্ড টাঙানো হয় l ছবি: প্রথম আলো
মহানায়িকা প্রয়াত সুচিত্রা সেনের পৈতৃক বাড়ির দায়িত্বভার বুঝে নেওয়ার পর জেলা প্রশাসনের পক্ষ থেকে গতকাল সেখানে একটি সাইনবোর্ড টাঙানো হয় l ছবি: প্রথম আলো

বাংলা চলচ্চিত্রের মহানায়িকা প্রয়াত সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি দখলমুক্ত হওয়ার পর গতকাল বৃহস্পতিবার সকালে দায়িত্বভার বুঝে নিয়েছে জেলা প্রশাসন। প্রশাসনের পক্ষ থেকে বাড়িটির বিভিন্ন কক্ষে তালা লাগানোসহ মূল ফটকে একটি সাইনবোর্ড ঝোলানো হয়েছে।
গতকাল বেলা ১১টার দিকে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিনের নেতৃত্বে পুলিশ সুপার মিরাজ উদ্দিন আহম্মেদসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও জেলার সুধীজনেরা বাড়িটিতে যান। সবাই বাড়িটি ঘুরে দেখেন। পরে জেলা প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন কক্ষে তালা লাগানো এবং মূল ফটকে একটি সাইনবোর্ড ঝুলিয়ে দেওয়া হয়। এতে লেখা আছে, ‘ক-তফসিলভুক্ত অর্পিত সম্পত্তি, বর্তমানে জেলা প্রশাসনের দখল ও নিয়ন্ত্রণে’।
এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি চন্দন কুমার ঠাকুর, মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল পাবনা জেলা ইউনিট কমান্ডের কমান্ডার হাবিবুর রহমান, প্রবীণ সাংবাদিক ও কলামিস্ট রণেশ মৈত্র ও সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক চিকিৎসক রাম দুলাল ভৌমিক প্রমুখ।
জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘দখল বুঝে নেওয়ার মধ্য দিয়ে প্রাথমিক কাজ শেষ হয়েছে। এখন বাড়িটিতে কী করা যায়, এ নিয়ে আমরা জেলার শিল্প, সাহিত্য, সংস্কৃতি ও পেশাজীবী সংগঠনের নেতাসহ সুধীজনদের সঙ্গে আলোচনা করব। এরপর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।’
রণেশ মৈত্র বলেন, ‘বাড়িটি শুধু দখলমুক্ত করাই শেষ কথা নয়। এখানে প্রয়াত সুচিত্রা সেনের নামে একটি সংগ্রহশালা করার যে দাবি উঠেছে, তা সফল করতে হবে।’
শহরের হেমসাগর লেনের এই বাড়িতে সুচিত্রা সেন তঁার বাবা-মা, ভাইবোনের সঙ্গে শৈশব-কৈশর কাটিয়েছেন। ১৯৪৭ সালে তিনি নবম শ্রেণিতে পড়া অবস্থায় দিবানাথ সেনের সঙ্গে বিয়ের পর কলকাতায় চলে যান। ১৯৬০ সালে তাঁর বাবা করুণাময় দাসগুপ্ত পরিবার নিয়ে কলকাতায় চলে যান। ১৯৮৭ সালে জামায়াত নিয়ন্ত্রিত ইমাম গাজ্জালী ট্রাস্ট বাড়িটি বাৎসরিক ইজারা নেয়। ২০০৯ সাল থেকে পাবনাবাসী বাড়িটি দখলমুক্ত করে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার দাবি তোলে। গত ৫ মে উচ্চ আদালতের রায়ে বাড়িটি দখলমুক্ত করার সব বাধা দূর হয়।