আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশ
সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি থেকে গাযযালী ইনস্টিটিউট উচ্ছেদের নির্দেশ
কলকাতার বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী প্রয়াত সুচিত্রা সেনের পাবনার গোপালপুরের পৈতৃক বাড়ি থেকে অবিলম্বে ইমাম গাযযালী ইনস্টিটিউট উচ্ছেদ করার নির্দেশ দিয়ে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের পূর্ণাঙ্গ রায় প্রকাশিত হয়েছে। সুচিত্রা সেনের পৈতৃক বাড়ি রক্ষাসংক্রান্ত হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিলের অনুমতি চেয়ে করা আবেদন (লিভ টু আপিল) খারিজের এ রায় গতকাল বৃহস্পতিবার প্রকাশিত হয়।
রায়ে বলা হয়, কালজয়ী অভিনেত্রী সুচিত্রা সেনের স্মৃতি সংরক্ষণ করা আমাদের জাতীয় ও সাংবিধানিক দায়িত্ব। তাঁর পৈতৃক বাড়ি থেকে যদি এখনো ইমাম গাযযালী ইনস্টিটিউটকে উচ্ছেদ করা না হয়ে থাকে, তাহলে বিলম্ব ছাড়াই ওই প্রতিষ্ঠানটিকে উচ্ছেদ করে সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালার কাজ শুরুর নির্দেশ দেওয়া হলো।
আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন আপিল বিভাগের তিন সদস্যের বেঞ্চ গত ৪ মে এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর দুই বিচারপতি হলেন বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞা ও বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। ৫৯ পৃষ্ঠার রায়টি লিখেছেন বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী। এর সঙ্গে একমত পোষণ করেন অপর দুই বিচারপতি।
হাইকোর্টে রিটকারী পক্ষের আইনজীবী মনজিল মোরসেদ গতকাল প্রথম আলোকে বলেন, পূর্ণাঙ্গ রায়টি প্রকাশিত হয়েছে।
আইনজীবী সূত্র জানায়, ১৯৮৭ সালে পাবনার তৎকালীন জেলা প্রশাসক ওই বাড়ি এক সনা (এক বছর) লিজ দেন। পরে সেখানে ইমাম গাযযালী ট্রাস্টের নামে একটি স্কুল প্রতিষ্ঠা করা হয়। ইজারার মেয়াদ শেষে ২০০৯ সালের ২২ জুন বাড়িটি ছেড়ে দিতে ওই প্রতিষ্ঠানটিকে নোটিশ দেওয়া হয়। নোটিশে বলা হয়, বাড়িটি সুচিত্রা সেনের স্মৃতি হিসেবে সংরক্ষণ করার জন্য সরকার সিদ্ধান্ত নিয়েছে। নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ইনস্টিটিউটের পক্ষে ওই বছর রিট করা হয়। ২০১১ সালে বাড়িটি বেদখল হওয়া নিয়ে গণমাধ্যমে খবর প্রকাশিত হয়। ওই প্রতিবেদনের ভিত্তিতে হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে সুচিত্রা সেনের বাড়ি রক্ষায় নির্দেশনা চেয়ে আরেকটি রিট করা হয়। ২০১১ সালের ১৮ আগস্ট হাইকোর্ট রায় দেন।