
বাংলা চলচ্চিত্রের মহানায়িকা প্রয়াত সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি অবশেষে দখলমুক্ত হয়েছে। বাড়িটি দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী নিয়ন্ত্রিত ইমাম গাজ্জালী ট্রাস্টের দখলে ছিল। উচ্চ আদালতের রায়ের প্রেক্ষাপটে গতকাল বুধবার সকালে প্রশাসনের পক্ষ থেকে বাড়িটি সিলগালা করা হয়।

এ বিষয়ে মুঠোফোনে জানতে চাইলে জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন প্রথম আলোকে বলেন, ‘প্রাথমিকভাবে আমরা বাড়িটি দখলে নিয়ে তালা ঝুলিয়ে দিয়েছি। আগামীকাল (আজ) বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বুঝে নেওয়া হবে।’
জেলা জামায়াতের আইনবিষয়ক সম্পাদক ও ইমাম গাজ্জালী ট্রাস্টের সেক্রেটারি আবিদ হাসান বলেন, ‘আদালতের রায়ের প্রতি শ্রদ্ধা রেখে আমরা বাড়িটি ছেড়ে দিয়েছি।’
পাবনার সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি এম সাইদুল বলেন, ‘বাড়িটি দখলমুক্ত করতে আমরা দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছি। এ আন্দোলনের সঙ্গে পাবনার সব শ্রেণিপেশার মানুষের অংশগ্রহণ ছিল। বাড়িটি দখলমুক্ত হওয়ায় পাবনাবাসী খুশি।’
জেলা প্রশাসন, সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ ও আইনজীবী সূত্রে জানা গেছে, ১৯৮৭ সালে পাবনার তৎকালীন জেলা প্রশাসন ইমাম গাজ্জালী ট্রাস্টকে বাড়িটি বার্ষিক ইজারা দেয়। পরে ট্রাস্ট কর্তৃপক্ষ বাড়িটিতে ইমাম গাজ্জালী ইনস্টিটিউশন নামে একটি স্কুল প্রতিষ্ঠা করে। ট্রাস্ট ১৯৯১ সালের ১৮ জুন বাড়িটি স্থায়ী বন্দোবস্ত নেওয়ার জন্য আবেদন করে। ওই বছরের আগস্টে ভূমি মন্ত্রণালয় তাদের স্থায়ী বন্দোবস্ত না দিয়ে আবারও বার্ষিক ইজারা দেয়। কিন্তু ইজারার টাকা পরিশোধ না করায় ১৯৯৫ সালের ২২ ফেব্রুয়ারি মন্ত্রণালয় ইজারা বাতিল করে। এ সময় ট্রাস্ট নেতারা বকেয়া পরিশোধ সাপেক্ষে ১৯৯৫ সালের ১৫ আগস্ট পুনরায় ইজারা নবায়ন করেন।
এর পর থেকেই বাড়িটি ট্রাস্টের দখলে ছিল। বাড়িটি দখলমুক্ত করে সেখানে সুচিত্রা সেন সংগ্রহশালা করার দাবিতে এলাকাবাসী ২০০৯ সালে আন্দোলন শুরু করে। এ সময় জেলা প্রশাসন বাড়িটির ইজারা বাতিল করে ট্রাস্টকে দখল ছাড়ার নোটিশ দেয়। নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে ট্রাস্টের পক্ষ থেকে হাইকোর্টে রিট করা হলে আদালত রুল ও অন্তর্বর্তীকালীন আদেশ দেন।
পরে বিষয়টি আপিল বিভাগে যায়। আপিল বিভাগ হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চে পৃথক রুল নিষ্পত্তির জন্য পাঠান। হাইকোর্ট ২০১১ সালের ২১ আগস্ট রিট খারিজ করে এক রায়ে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠা করতে সরকারের সিদ্ধান্ত অবিলম্বে বাস্তবায়ন এবং সুচিত্রা সেনের জন্মস্থান রক্ষা ও সংরক্ষণ করার রায় দেন।
এ রায়ের বিরুদ্ধে ওই বছরই ট্রাস্টের পক্ষে ইমাম গাজ্জালী গার্লস স্কুলের প্রধান শিক্ষক আইয়ুব হোসেন খান পৃথক লিভ টু আপিল করেন। গত ৫ মে আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহার নেতৃত্বাধীন তিনজন বিচারপতির একটি বেঞ্চ লিভ টু আপিল আবেদনটি খারিজ করে দেন।
সুচিত্রা সেন স্মৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক চিকিৎসক রাম দুলাল ভৌমিক বলেন, গত মঙ্গলবার রায়টি পূর্ণাঙ্গভাবে প্রকাশিত হয়। গতকাল নথিপত্র জেলা প্রশাসনের দপ্তরে পৌঁছায়। এরপর প্রশাসন বাড়িটি দখলে নেয়।
এলাকাবাসী জানান, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর মঙ্গলবার থেকেই ট্রাস্ট কর্তৃপক্ষ তাদের মালামাল সরিয়ে নেওয়া শুরু করে। বাড়িটিতে একটি টিনের ঘর ছিল, তারা সেটিও ভেঙে নিয়ে গেছে।
প্রতিবেশী শফিকুল ইসলাম বলেন, সুচিত্রা সেনের বাবা করুণাময় দাসগুপ্ত যখন কলকাতায় চলে যান, তখন বাড়িটির স্থাপত্যশৈলী অনেক সুন্দর ছিল। ছাদসহ একটি একতলা ভবন ছিল। পামগাছ, করবী, রজনীগন্ধাসহ ফুলে ফুলে সাজানো ছিল বাড়ির চারপাশ। কিন্তু ইজারা গ্রহীতারা শর্ত ভঙ্গ করে ভবনের ছাদ ভেঙে টিন লাগিয়েছে। মূল্যবান সব গাছ কেটে ফেলেছে। এসব অবৈধ কর্মকাণ্ডের বিচার হওয়া দরকার।
পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনের এই বাড়িতে সুচিত্রা সেন তাঁর বাবা-মা ও ভাইবোনের সঙ্গে শৈশব-কৈশোর কাটিয়েছেন। মেরিন ইঞ্জিনিয়ার দিবানাথ সেনের সঙ্গে ১৯৪৭ সালের ফেব্রুয়ারিতে তাঁর বিয়ে হয়। তখন তিনি নবম শ্রেণিতে পড়তেন। বিয়ের পর স্বামীর সঙ্গে কলকাতায় চলে যান।