তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু বলেছেন, ‘সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি ধর্মান্ধ জামায়াতের কবল থেকে মুক্ত হয়েছে। বাড়িটিতে সুচিত্রা সেনের নামে ফিল্ম আর্কাইভ, ফিল্ম ইনস্টিটিউট, মিলনায়তনসহ অনেক কিছু করার দাবি উঠেছে। আমরা এই দাবির সঙ্গে একমত। বর্তমান প্রধানমন্ত্রীও সুচিত্রা সেনের ভক্ত। তাই সব দাবির সমন্বয়ে সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িতে একটি আধুনিক সাংস্কৃতিক কেন্দ্র করা হবে।’
বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি মহানায়িকা ও পাবনার কন্যা সুচিত্রা সেনের স্মরণে পাঁচ দিনব্যাপী সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসবের চতুর্থ দিনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। শহরের বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম বকুল পৌর মুক্তমঞ্চ প্রাঙ্গণে পাঁচ দিনব্যাপী উৎসবের আয়োজন করেছে পাবনা জেলা প্রশাসন ও সুচিত্র সেন স্মৃতি সংরক্ষণ পরিষদ। উৎসবে সহযোগিতা করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়।
তথ্যমন্ত্রী আরও বলেন, ‘সুচিত্রা সেন বাংলা ভাষা ও বাংলাদেশকে পৃথিবীময় পরিচিত করেছেন। তাই তাঁর প্রতি আমাদের দায়িত্ব রয়েছে। সেই দায়িত্ববোধ থেকেই আমরা সুচিত্রা সেনকে স্মরণীয় করে রাখব।’
বিকেল সাড়ে চারটায় সুচিত্রা সেনের অভিনয়শৈলী ও ফ্যাশন সচেতনতা বিষয়ে সেমিনারের মধ্য দিয়ে শুরু হয় চতুর্থ দিনের অনুষ্ঠান। এরপর পরিবেশন করা হয় সুচিত্রা সেন অভিনীত চলচ্চিত্রের গান।
পাবনার জেলা প্রশাসক ও সুচিত্রা সেন চলচ্চিত্র উৎসব উদ্যাপন পরিষদের আহ্বায়ক রেখা রানী বালোর সভাপতিত্বে আলোচনা পর্বে বিশেষ অতিথির বক্তব্য দেন পাবনা-৩ আসনের সাংসদ মকবুল হোসেন, হিউম্যান রাইটস অ্যান্ড পিচ ফর বাংলাদেশের চেয়ারম্যান মনজিল মোরশেদ, চলচ্চিত্র অভিনেত্রী সুজাতা আজিম, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের মিডিয়া অ্যান্ড ফিল্ম বিভাগের প্রভাষক মনোজ কুমার প্রামাণিক, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের অধ্যাপক আমিনুল ইসলাম, পাবনা প্রেসক্লাবের সাহিত্য ও সাংস্কৃতিকবিষয়ক সম্পাদক সিফাত রহমান ও প্রথম আলোর পাবনা প্রতিনিধি সরোয়ার মোর্শেদ।
আলোচনা অনুষ্ঠান শেষে সুচিত্রা সেন অভিনীত হসপিটাল চলচ্চিত্রটি প্রদর্শন করা হয়।
আজ উৎসবের সমাপনী দিয়ে প্রদর্শন করা হবে সুচিত্রা সেন অভিনীত সাগরিকা চলচ্চিত্রটি। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর উপস্থিত থাকার কথা রয়েছে।