সুচিত্রা সেনের বাড়ি দখলমুক্ত করার আশ্বাস
মহানায়িকা সুচিত্রা সেনের পাবনার পৈতৃক বাড়িটি জামায়াতের দখলমুক্ত করা নিয়ে গতকাল বৃহস্পতিবার জেলার সাংবাদিক ও সংস্কৃতি কর্মীদের সঙ্গে মতবিনিময় করেছেন জেলা প্রশাসক। পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করে জেলা প্রশাসক বাড়িটি দখলমুক্ত করে সেখানে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার আশ্বাস দেন।
সকাল ১০টায় জেলা প্রশাসকের সমেঞ্চলন কক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন জানান, সুচিত্রা সেনের বাবা করুণাময় দাশগুপ্ত দেশত্যাগ করলে বাড়িটি তৎকালীন আইন অনুযায়ী শত্রু সম্পত্তি হিসেবে তালিকাভুক্ত হয়। পরে তা সরকারের দখলে নেওয়া হয়। ১৯৮৭ সালের ২৩ মার্চ জামায়াত-নিয়ন্ত্রিত প্রতিষ্ঠান ইমাম গাজ্জালি ট্রাস্টের এক আবেদনের পরিপ্রেক্ষিতে বাড়িটি বাৎসরিক ইজারা দেওয়া হয়। এরপর ট্রাস্ট বাড়িটির স্থায়ী বন্দোবস্ত চায়। কিন্তু ভূমি মন্ত্রণালয় চূড়ান্ত সিদ্ধান্ত না দিয়ে ১৯৯১ সালের ৬ আগস্ট একসনা বন্দোবস্তের সিদ্ধান্ত দেয়। বাৎসরিক ইজারার টাকা পরিশোধ না করায় ১৯৯৫ সালের ২২ ফেব্রুয়ারি সেই ইজারা বাতিল করা হয়। পরে ট্রাস্ট কর্তৃপক্ষ বকেয়া পরিশোধ সাপেক্ষে ইজারা নবায়ন করা হয়।
জেলা প্রশাসক কাজী আশরাফ উদ্দিন আরও জানান, ২০০৯ সালে বাড়িটিতে সুচিত্রা সেন সঞ্চৃতি সংগ্রহশালা করার দাবি ওঠে। পাবনাবাসীর দাবির পরিপ্রেক্ষিতে ২০০৯ সালের ২২ জুন ইজারা নবায়ন না করে জেলা প্রশাসন ইমাম গাজ্জালি ট্রাস্টকে বাড়িটি ছেড়ে দিতে চিঠি দেয়। কিন্তু ট্রাস্ট কর্তৃপক্ষ বাড়িটি না ছেড়ে উচ্চ আদালতে রিট পিটিশন দাখিল করে। রিট আবেদনকারীর পক্ষে আদালত তিন মাসের স্থগিতাদেশ দেন। পরে স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধি করা হয়। ২০১০ সালের ৬ ডিসেম্বর রিট পিটিশন নিষ্পত্তি না হওয়া পর্যন্ত স্থগিতাদেশ বলবৎ রাখার নির্দেশ দেন। ফলে বাড়িটি ট্রাস্টের দখলে থেকে যায়। জেলা প্রশাসক বলেন, ‘পাবনাবাসীর দীর্ঘদিনের দাবির সঙ্গে আমরাও একাত্ম। বাড়িটিতে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা করার জন্য আমরা সাধ্যমতো চেষ্টা করব। বাড়িটি দখলমুক্ত করার জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হবে।’
মতবিনিময় সভায় সুচিত্রা সেন সঞ্চৃতি সংরক্ষণ পরিষদের সভাপতি ও পাবনা জেলা পরিষদের প্রশাসক এম সাইদুল হক বলেন, ‘বাড়িটি দখলমুক্ত করে সুচিত্রা সেনের নামে কিছু করা এখন পাবনাবাসীর প্রাণের দাবিতে পরিণত হয়েছে। কিন্তু কৌশলী জামায়াত নানা কৌশলে আইনের মারপ্যাঁচ দিয়ে যাচ্ছে। তাই আমরা সবার প্রতি উদাত্ত আহ্বান জানাই, সবাই যেন মহানায়িকার সঞ্চৃতি রক্ষায় আন্তরিকভাবে বিষয়টি মোকাবিলা করেন।’ সভায় আরও বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) বেনজামিন রিয়াজী, সুচিত্রা সেন সঞ্চৃতি সংরক্ষণ পরিষদের সাধারণ সম্পাদক রামদুলাল ভৌমিক, পাবনা একুশে বইমেলা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক জাকির হোসেন, পাবনা প্রেসক্লাবের সহসভাপতি কামাল আহমেদ সিদ্দিকী প্রমুখ।
প্রসঙ্গত, সুচিত্রা সেনের পৈতৃক বাড়িটি পাবনা শহরের গোপালপুর মহল্লার হেমসাগর লেনে। এই বাড়িতেই তিনি শৈশব-কৈশোর কাটিয়েছেন। বাড়িটি বর্তমানে জামায়াত-নিয়ন্ত্রিত ইমাম গাজ্জালি ট্রাস্ট নামে একটি প্রতিষ্ঠান ইজারা নিয়ে দখলে রেখেছে।