সুচিত্রা সেনের মৃত্যুতে প্রধানমন্ত্রীর শোক
মহানায়িকা সুচিত্রা সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ শুক্রবার প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ এ কথা জানান।
প্রধানমন্ত্রী বলেন, সুচিত্রা সেনের মৃত্যুতে বাঙালি হারাল চিরায়ত কন্যা, জায়া-জননীর আটপৌরে প্রতিভূকে।
শেখ হাসিনা বলেন, বাংলা চলচ্চিত্রের উত্কর্ষ ও আগামীর অনুপ্রেরণাদায়িনী হিসেবে সুচিত্রা সেন স্মরণীয় হয়ে থাকবেন। নিজেকে সুচিত্রা সেনের অভিনয় নৈপুণ্যের বিশিষ্ট অনুরাগিণী হিসেবে উল্লেখ করেন শেখ হাসিনা।
সুচিত্রা সেনের পরিবার, আত্মীয় ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান তিনি। সুচিত্রা সেনের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন স্পিকার শিরীন শারমীন চৌধুরী ও ডেপুটি স্পিকার শওকত আলী।
এদিকে সুচিত্রা সেনের মৃত্যুতে জাতীয় পার্টির চেয়ারম্যান ও সাবেক রাষ্ট্রপতি এইচ এম এরশাদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
শোক বার্তায় এরশাদ বলেন, বাংলাদেশের মাটিতে জন্মগ্রহণকারী এই মহানায়িকা বাংলা চলচ্চিত্র শিল্পে যে অবদান রেখে গেছেন, তা চিরকাল অম্লান হয়ে থাকবে। বাংলা ভাষাভাষী মানুষের কাছে সুচিত্রা সেনের অভিনয় মাধুর্য অবিস্মরণীয়ই থেকে যাবে। তাঁর মৃত্যুতে আমরা চলচ্চিত্র জগতের এক চির উজ্জ্বল নক্ষত্রকে হারালাম, এ অভাব কখনোই পূরণ হবে না।
সাবেক এই রাষ্ট্রপতি শোক বার্তায় সুচিত্রা সেনের আত্মার শান্তি কামনাসহ শোকাহত পরিবার ও অগণিত ভক্তের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।