সুচিত্রা সেনের সম্মানে বাংলাদেশে বছরব্যাপী কর্মসূচি: নূর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর বলেছেন, বাংলা চলচ্চিত্রের কিংবদন্তি অভিনেত্রী সুচিত্রা সেনের সম্মানে বাংলাদেশে বছরব্যাপী কর্মসূচি হাতে নিয়েছে শিল্পকলা একাডেমী। কর্মসূচির আওতায় দেশের সব জেলায় চলচ্চিত্র উত্সবের আয়োজন করা হবে। আজ মঙ্গলবার জাতীয় সংসদে এক প্রশ্নের জবাবে সংস্কৃতিমন্ত্রী এ কথা বলেন।

নূর বলেন, গত ২৪ জানুয়ারি সুচিত্রা সেন স্মরণে একটি স্মরণসভাও আয়োজন করা হয়। ওই স্মরণসভায় বাংলাদেশ শিল্পকলা একাডেমী বছরব্যাপী কর্মসূচি ঘোষণা করে। এই কর্মসূচির আওতায় পাবনায় সুচিত্রা সেনের বাড়ি উদ্ধার করে সুচিত্রা সেন স্মৃতি সংগ্রহশালা নির্মাণ, সুচিত্রা সেনকে নিয়ে স্মারকগ্রন্থ প্রকাশ ও ইন্টারন্যাশনাল ডিজিটাল কালচারাল আর্কাইভসে সুচিত্রা সেন গ্যালারি স্থাপন করার কথা রয়েছে। দেশের বিখ্যাত শিল্পীরা প্রতিকৃতি আঁকবেন। এ ছাড়া এ কর্মসূচির আওতায় সুচিত্রা সেন অভিনীত ছবির জনপ্রিয় গান নিয়ে দুদিনব্যাপী গানের অনুষ্ঠান আয়োজন ও সুচিত্রা সেনের চলচ্চিত্র নিয়ে পর্যায়ক্রমে প্রদর্শনী, সেমিনার, আলোচনা অনুষ্ঠান এবং একটি তথ্যচিত্র নির্মাণ হবে।

সংস্কৃতিমন্ত্রী আরও জানান, সুচিত্রা সেনের সব কটি চলচ্চিত্র সংগ্রহ, স্টিল ছবি, প্রতিকৃতি, প্রকাশনা ইত্যাদি সংগ্রহ করার জন্য একজন প্রতিনিধিকে কলকাতা পাঠানো হয়েছে।